নড়াইলে সহস্রাধিক রোগীকে বিনা মূল্যে চিকিৎসাসেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইলের কালিয়ায় সহস্রাধিক রোগীকে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে
ছবি: সংগৃহীত

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতা আতাউর রেহমানের স্মরণে নড়াইলের কালিয়া উপজেলায় ১ হাজার ২০০ রোগীকে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। ছয়জন বিশেষজ্ঞ চিকিৎসকের চিকিৎসাসেবা, প্রয়োজনীয় প্যাথলজি সেবা, ওষুধ ও চশমা বিনা মূল্যে দেওয়া হয়।

শুক্রবার সকালে খাঁশিয়াল আদর্শ সম্মিলনী উচ্চবিদ্যাপিঠ চত্বরে দিনব্যাপী চিকিৎসাসেবা কর্মসূচির উদ্বোধন করা হয়
ছবি: সংগৃহীত

উপজেলার খাঁশিয়াল আদর্শ সম্মিলনী উচ্চবিদ্যাপিঠ চত্বরে শুক্রবার দিনব্যাপী এই চিকিৎসাসেবার আয়োজন করেন আতাউর রেহমানের সহযোদ্ধা ও স্বজনেরা। এর প্রধান পৃষ্ঠপোষক ছিলেন সিপিবির নড়াইল জেলা সভাপতি ও খাঁশিয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বি এম বরকত উল্লাহ।

চিকিৎসাসেবা দেন চক্ষু বিশেষজ্ঞ মনোজ কুমার দাশ, তাসনীম জিনাত, তাহমিদা খানম, এ কে এম আরিফুল আলম, নাসির মাহমুদ ও মাহমুদুল হাসান। খাঁশিয়াল ও আশপাশের গ্রামের দরিদ্র নারী-পুরুষ ও শিশুরা এসে চিকিৎসাসেবা নেয়।

সকালে এ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মফিজুল ইসলাম। উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক জোটের কেন্দ্রীয় কমিটির সভাপতি সরদার সাইফুজ্জামান (বাদশা), ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক কিশোর রায়, সিপিবির খুলনা জেলা কমিটির সভাপতি চিকিৎসক মনোজ কুমার দাশ, খাঁশিয়াল ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার খান লুৎফর রহমান প্রমুখ।