নড়াইলে সাব-রেজিস্ট্রারের পদ শূন্য এক বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইল সদর উপজেলায় এক বছর ধরে সাব-রেজিস্ট্রার না থাকায় জনগণকে ভোগান্তি পোহাতে হচ্ছে। আর সরকার হারাচ্ছে রাজস্ব।উপজেলার শেখহাটি ইউনিয়নের তপনভাগ গ্রামের মাখন দাস ৫ শতাংশ জমি রেজিস্ট্রি করতে নড়াইল সদর সাব-রেজিস্ট্রি অফিসে দুই সপ্তাহ ধরে ঘুরছেন। তিনি বলেন, ‘দুই সপ্তা হয়ে গেল আমার দলিলডা রিস্টি (রেজিস্ট্রি) কত্তি পারলাম না। এই দুই সপ্তায় আমার প্রায় দুই হাজার টায়ার মতো লুকসান হলো। আমি খাটে খাওয়া মানুষ। আমার বাড়ি জিলার শেষ সীমানায়। সেহানতে আসতিও এক-দেড়শ টায়া খরচ হয়। যদি জানতাম এহেনে অফিসার নাই। তালি আসতাম না।’সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সহকারী কাঞ্চনবালা জানান, গত বছরের ১১ নভেম্বর থেকে সাব-রেজিস্ট্রারের পদটি শূন্য। এর পর থেকে লোহাগড়ার সাব-রেজিস্ট্রার জাহিদুল ইসলাম খণ্ডকালীন হিসেবে এই অফিসে দায়িত্ব পালন করতেন। গত ২৭ সেপ্টেম্বর থেকে তিনি অফিসে আসা বন্ধ করে দেন। ফলে সদর উপজেলার ১৩টি ইউনিয়নের লোকজন দলিল নিবন্ধন করা থেকে বঞ্চিত হচ্ছেন। প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে আসা মানুষ দলিল নিবন্ধন করতে না পেরে গালমন্দও করেন। প্রতিদিন ৬০ থেকে ৭০টি দলিল নিবন্ধন হয়। দলিলের প্রকারভেদে প্রতিদিন প্রায় তিন লাখ টাকার মতো রাজস্ব আদায় হয়ে থাকে।দলিল লেখক সমিতির সাবেক সাধারণ সম্পাদক হামিনুর রহমান জানান, এক মাসের বেশি সময় ধরে নড়াইল সদরে সাব-রেজিস্ট্রারের পদ শূন্য রয়েছে। এরই মধ্যে অফিসে কয়েক শ দলিল জমা পড়েছে। সাব-রেজিস্ট্রার না থাকায় দলিল রেজিস্ট্রি (নিবন্ধন) বন্ধ রয়েছে। এ কারণে বিভিন্ন এলাকার লোকজনও হয়রানির শিকার হচ্ছেন।সাব-রেজিস্ট্রার জাহিদুল ইসলাম বলেন, ‘বেশ কিছুদিন ধরে আমাকে জেলার তিনটি উপজেলার সাব-রেজিস্ট্রি অফিসের দায়িত্ব পালন করতে হচ্ছে। এতে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছি। এ কারণে সদর অফিসের দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে জানিয়েছি।’ তিনি দাবি করেন, দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে জানালে কর্তৃপক্ষের অনুমতি নেওয়ার আর প্রয়োজন হয় না।