নড়াইলে সারের দাম নিয়ে যা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলে বিসিআইসির (বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থা) সার ডিলাররা বেশি দামে সার বিক্রি করছেন বলে অভিযোগ তুলেছেন কৃষকেরা। ন্যায্যমূল্যে সার বিক্রির দাবি জানিয়ে জেলার বিভিন্ন অঞ্চলের কৃষকেরা ইতিমধ্যে বেশ কয়েকটি এলাকায় বিক্ষোভ-সমাবেশ করেছেন। বিসিআইসির ডিলাররা দাবি করছেন, সরকার-নির্ধারিত দামেই তাঁরা সার বিক্রি করছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিসিআইসির ডিলাররা মিলগেট থেকে প্রতি বস্তা ইউরিয়া সার ৫০০ টাকা দরে এবং বাফার গুদাম থেকে ৫৩৫ টাকা দরে কেনেন। এ ছাড়া নন-ইউরিয়া যেমন টিএসপি মিলগেট এবং আমদানিকারকদের কাছ থেকে বস্তাপ্রতি কেনেন এক হাজার টাকায়, ডিএপি কেনেন এক হাজার ৪০০ টাকায়, এমওপি কেনেন এক হাজার ১৫০ টাকা দরে। গত ১৯ নভেম্বর জেলা সার ও বীজ মনিটরিং কমিটির এক সভায় সিদ্ধান্ত হয়, বিসিআইসি ডিলার ও খুচরা বিক্রেতারা ইউরিয়া প্রতি বস্তা ৬০০ টাকা দরে কৃষকদের কাছে বিক্রি করবেন। টিএসপির বস্তা এক হাজার ১০০ টাকা, ডিএপি দেড় হাজার এবং এমওপি এক হাজার ২৫০ টাকা দরে বিক্রির সিদ্ধান্ত হয়।কিন্তু খুচরা বিক্রেতারা সেই সার নওয়াপাড়াসহ বিভিন্ন আমদানিকারকের কাছ থেকে প্রতি বস্তা ইউরিয়া ৫৬৫ টাকা দরে কিনে কৃষকদের কাছে ৫৭৫ দরে এবং টিএসপি ৯৫০ টাকায় কিনে এক হাজার টাকা, ডিএপি এক হাজার ৩২০ টাকায় কিনে এক হাজার ৪০০ টাকায়, এমওপি এক হাজার ১০০ টাকায় কিনে এক হাজার ২১০ টাকায় বিক্রি করছেন। এতে জটিলতা দেখা দিয়েছে। খুচরা বিক্রেতা ও কৃষকদের অভিযোগ, বিসিআইসির ডিলাররা সারের দাম বেশি নিচ্ছেন। এর প্রতিবাদে গত মঙ্গলবার সদর উপজেলার হবখালী ইউনিয়নের পাজারখালী বাজারে বিক্ষোভ ও সমাবেশ হয়েছে। সমাবেশে বক্তব্য দেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, কৃষক আবদুস সাত্তার, খুচরা সার বিক্রেতা ফারুক মিনা, হাফিজুর রহমান সর্দার, শাহাদত্ বিশ্বাস, আবদুর রশিদ প্রমুখ।সমাবেশে নজরুল ইসলাম বলেন, নওয়াপাড়া ও মাগুরাসহ অন্য জেলায় সারের দাম কম। কিন্তু নড়াইলে বেশি দামে বিক্রি করা হচ্ছে কেন? জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মো. আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, সরকার-নির্ধারিত মূল্যেই বিসিআইসির ডিলাররা সার বিক্রি করছেন। খুচরা বিক্রেতারা কম দামে ভেজাল সার কিনে কৃষকদের ঠকাচ্ছেন। যে কারণে মাঝেমধ্যে ভ্রাম্যমাণ আদালত বসানো হচ্ছে।