নড়াইলে স্ত্রীকে এসিড নিক্ষেপ, স্বামী চাঁদপুরে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহা-গড়া উপজেলার পাচুড়িয়া গ্রামে স্ত্রীর গায়ে এসিড নিক্ষেপের ঘটনায় দায়ের করা মামলার আসামি এমদাদুল হককে (২৪) চাঁদপুর মডেল থানা পুলিশ গতকাল মঙ্গলবার গ্রেপ্তার করেছে। চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোর্শেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকাল আটটার দিকে শহরের মাদ্রাসা রোড এলাকায় এমদাদুলের এক আত্মীয়ের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। যৌতুকের টাকা দিতে না পারায় এমদাদুল হক ৬ জুন রাতে স্ত্রী হেলেনা খাতুনের গায়ে এসিড নিক্ষেপ করেন বলে অভিযোগ রয়েছে। ওই ঘটনায় হেলেনার বাবা হাবিবুর রহমান লোহাগড়া থানায় একটি মামলা করেন। এর পর থেকে সাগর পলাতক ছিলেন। হেলেনা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল দুপুরে এমদাদুলকে চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে।হেলেনার বড় ভাই আবুল হাসান গতকাল মঙ্গলবার জানান, হেলেনা ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছে। তার বাম চোখ নষ্ট হয়ে যাওয়া এবং মুখমণ্ডল বিকৃত হওয়ার আশঙ্কা রয়েছে। উপপরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম বলেন, ‘নোয়াখালী থেকে ছেড়ে আসা ট্রেনে গত সোমবার দিবাগত রাত সাড়ে ১২টায় চাঁদপুর রেলস্টেশনে নামলে তাঁকে গ্রেপ্তার করা হয়। মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে বেশ কয়েক দিন আগে থেকে তাঁর পিছু নেওয়া হয়।’