নড়াইলে হত্যা মামলায় ২৩ জনের যাবজ্জীবন
নড়াইলের কালিয়া উপজেলায় দুই ব্যক্তিকে হত্যার দায়ে ২৩ আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রত্যেকের ছয় হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও চার মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। আজ রোববার নড়াইল জেলা দায়রা জজ আদালতের বিচারক মোহম্মদ আবুল বাশার মুনশি এ দণ্ডাদেশ দেন।
দণ্ডাদেশ পাওয়া আসামিরা হলেন কালিয়া উপজেলার পার বিষ্ণুপুর গ্রামের নজরুল ইসলাম শেখ ওরফে মনির, তাঁর ভাই মিজানুর রহমান শেখ ও মিল্টন শেখ, একই এলাকার নজরুল শেখ, হারুন শেখ, হারুনের ভাই সেলিম শেখ, ওই এলাকার বাশার বিশ্বাস, নওয়া গ্রামের হেনরি শেখ, ছিলিমপুর গ্রামের আসাদ শেখ, বাকের মোল্যা, কালাম মোল্যা, খুলনার দিঘলিয়ার সোনাকুড় গ্রামের মিনহাজ সিকদার, বড় মহিষদিয়া গ্রামের আমজাদ হোসেন ওরফে বাচ্চু, একই গ্রামের হানেফ আলী, গোলাম শেখ, বালাম শেখ, আবদুল হাই, পারচন্দ্রপুর গ্রামের শহীদুল মোল্যা, নড়াইলের কালিয়ার দেওয়াডাংগা গ্রামের মজিদ সরদার, তিতু সরদার, শামছুর রহমান ওরফে ডাবলু, রফি সরদার ও আলাল সরদার।
এঁদের মধ্যে পলাতক রয়েছেন তিতু সরদার, শামছুর রহমান ওরফে ডাবলু, বালাম শেখ ও বাকের মোল্যা। এ ছাড়া মামলা চলার সময়ে অন্য ছয় আসামির মৃত্যু হয়।
মামলার বিবরণে জানা গেছে, ১৯৯৫ সালের ১৪ এপ্রিল কালিয়া উপজেলার মহিষখোলা গ্রামের মাছের ঘের থেকে খুলনার দৌলতপুর এলাকার সোনা মিয়ার ছেলে মোহম্মদ শাহীন ও তেরখাদা থানার বারাসাত গ্রামের এস এম এ মজিদের ছেলে এস এম আনোয়ারুল আজাদ ওরফে লিচু খুলনা শহরে যাওয়ার জন্য হামিদপুর ইউনিয়নের গাজীরহাট বাসস্ট্যান্ডে অপেক্ষা করছিলেন। সন্ধ্যা সাতটার দিকে দিঘলিয়া থানার পারচন্দ্রপুর গ্রামের আকবর হোসেন মোল্যার (বর্তমানে মৃত) নেতৃত্বে আসামিরা তাঁদের ঘেরাও করে গুলি ছুড়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে লিচুকে ফেলে রেখে যায় এবং শাহীনকে গুম করে। আশঙ্কাজনক অবস্থায় লিচুকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে শাহীনেরও লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত লিচুর ভাই আনোয়ারুল বাশার বাদী হয়ে ২৯ জনকে আসামি করে কালিয়া থানায় হত্যা মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা নড়াইলের সহকারী পুলিশ সুপার (সদর) শহীদুল আলম চৌধুরী ২৯ জন আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। মামলায় ২৯ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আসামিদের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় ২৩ জন আসামির বিরুদ্ধে দণ্ডাদেশ দেন আদালত। রায় ঘোষণার সময় ১৯ আসামি আদালতে হাজির ছিলেন।