নড়াইলে হাসপাতাল উপচে গাছতলায় ডায়রিয়ার রোগী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলে ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এ রোগে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ১১২ জন রোগী সদর হাসপাতাল, কালিয়া ও লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। এর মধ্যে বেশির ভাগই শিশু। বেসরকারি হিসেবে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা এর দ্বিগুণ। ডায়রিয়া মোকাবিলায় ৪১টি মেডিকেল টিম প্রত্যন্ত অঞ্চলে কাজ করছে। হাসপাতালগুলোয় আইভি স্যালাইনের সংকট থাকায় রোগীদের চাহিদানুযায়ী সরবরাহ করা যাচ্ছে না। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সদর হাসপাতালে ৫৫ জন, লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ২৫ জন ও কালিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ৩২ জন ভর্তি হয়েছে। সরেজমিনে গতকাল বুধবার দেখা গেছে, গড়ে প্রতিদিন ৫০ থেকে ৬০ জন ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তি হলেও ডায়রিয়া রোগীদের জন্য শয্যা রয়েছে মাত্র ছয়টি। স্থান সংকুলান না হওয়ায় রোগীরা হাসপাতালের মেঝে, বারান্দায় অথবা গাছতলায় আশ্রয় নিতে বাধ্য হচ্ছেন। সদর উপজেলার হবখালী ইউনিয়নের ভান্ডারীপাড়া গ্রামের বিরু শেখ বলেন, ‘সোমবার সকালে ডায়রিয়া শুরু হলে আমি হাসপাতালে ভর্তি হই। কোথাও জায়গা না পেয়ে গাছতলায় আশ্রয় নিতে বাধ্য হয়েছি।’ তিনি বলেন, এখানে চাহিদানুযায়ী আইভি স্যালাইন নেই। হাসপাতাল থেকে মাত্র দুটি স্যালাইন দেওয়া হয়েছে। বাইরের দোকান থেকে এ পর্যন্ত ১২টি স্যালাইন কিনতে হয়েছে। সদর হাসপাতালের চিকিৎসক নার্গিস রহমান বলেন, প্রচণ্ড গরমের কারণে এবং বাসি-পচা খাবার খাওয়ায় ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, গ্রামাঞ্চলে উন্নত মানের সেবা না পাওয়ায় এখানে রোগীর চাপ দেখা দিয়েছে। সিভিল সার্জন আবদুস সামাদ বলেন, ডায়রিয়া মোকাবিলায় ৪১টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। ইতিমধ্যে টিমগুলো প্রত্যন্ত অঞ্চলে কাজ শুরু করছে। তিনি আরও বলেন, সদর হাসপাতালে স্থান সংকুলান না হওয়ায় সংক্রামক ওয়ার্ডের সামনের গাছতলায় আশ্রয় নেওয়া রোগীদের মাথার ওপর তাঁবু টানিয়ে দেওয়া হয়েছে। আইভি স্যালাইন সংকটের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।