নড়াইলে ১৩ ব্যাংক কর্মকর্তার কাছে চাঁদা দাবি
চরমপন্থী সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি-জনযুদ্ধ পরিচয়ে নড়াইলের সোনালী, জনতা, অগ্রণী ও কৃষি ব্যাংকের ১০টি শাখার ব্যবস্থাপকসহ ১৩ জন কর্মকর্তার কাছে প্রায় ১৮ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। এসব ঘটনায় নড়াইলের চারটি থানায় গত বৃহস্পতিবার আটটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। চাঁদা দাবির পর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন ব্যাংক কর্মকর্তারা।
১০ শাখা ব্যবস্থাপক ছাড়া নড়াইলে অগ্রণী ব্যাংকের মহাব্যবস্থাপক (জিএম), সোনালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম), জ্যেষ্ঠ মুখ্য কর্মকর্তার মুঠোফোনে কল দিয়ে চাঁদা দাবি করা হয়েছে।
নড়াইল সোনালী ব্যাংকের এজিএম রবীন্দ্রনাথ বাইন জানান, বুধবার বেলা একটা ৪০ মিনিটের দিকে তাঁর মুঠোফোনে বিপ্লব নামের এক ব্যক্তি ফোন করে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি জনযুদ্ধের আঞ্চলিক নেতা দাবি করেন। তিনি বলেন, ‘আমাদের অনেক নেতা ভারত থেকে বাংলাদেশে আসার পথে পুলিশের কাছে ধরা পড়েছে। অনেকে অসুস্থ। তাঁদের মুক্তি ও চিকিৎসার জন্য ৩০ লাখ টাকা প্রয়োজন। ১৫ লাখ টাকা সংগ্রহ করা সম্ভব হয়েছে। বাকি ১৫ লাখ টাকা প্রয়োজন। যত দ্রুত পারিস সোনালী ব্যাংকের বিভিন্ন শাখা থেকে ১২ লাখ টাকা না দিলে হাত কেটে নেওয়া হবে।’
এরপর রবীন্দ্রনাথ জানতে পারেন তাঁর ব্যাংকের আরও আট কর্মকর্তার কাছে চাঁদা দাবি করা হয়েছে।
এ ছাড়া লোহাগড়ার জনতা, অগ্রণী ও কৃষি ব্যাংকের শাখার ব্যবস্থাপকের কাছে ফোন করে ৫০ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত চাঁদা দাবি করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন বলেন, ব্যাংক কর্মকর্তাদের নিরাপত্তা জোরদার করা হয়েছে।