নড়াইলে ১৮ দিনে ছয় শিশুর মৃত্যু
শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে নড়াইলে গত ১৮ দিনে ছয় শিশুর মৃত্যু হয়েছে। এদের বয়স এক দিন থেকে এক বছরের মধ্যে। এ সময় অসুস্থ হয়ে আরও ২০৬ শিশুকে সদর হাসপাতালসহ লোহাগড়া ও কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বহির্বিভাগে চিকিৎসা নিয়েছে আরও ৯৪৫টি শিশু।সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, চলতি মাসের শুরু থেকে গতকাল বুধবার পর্যন্ত বহির্বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে ৫০৩টি শিশুকে এবং ভর্তি হয়েছে ১১৫টি শিশু। এর মধ্যে ১ এপ্রিল লোহাগড়া উপজেলার লাহুড়িয়া গ্রামের সুমা সরকারের দুই দিন বয়সী মেয়ে শ্বাসকষ্টে মারা যায়। পরদিন সদর উপজেলার চারিখাদা গ্রামের রাসেল মিয়ার মেয়ে জন্মের তিন ঘণ্টার মাথায়, ৬ এপ্রিল নড়াইল পৌর সভার ভওয়াখালি গ্রামের হেমায়েত শেখের দুই দিন বয়সী ছেলে বাবু, ১৫ এপ্রিল পৌরসভার উজিরপুর এলাকার হাফিজুর রহমানের দুই দিন বয়সী ছেলে রমজান, ১৬ এপ্রিল লোহাগড়া উপজেলার লাহুড়িয়া গ্রামের সোহেল মোল্যার মেয়ে সোহানা (তিন মাস) ডায়রিয়ায়, একই উপজেলার গাজীপুর গ্রামের আশিকুলের ছেলে বাবু (সাত মাস) হামজনিত কারণে মারা গেছে। এ বিষয়ে সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা রোকসানা বিনতে আকবর জানান, অভিভাবকদের অজ্ঞতা, গ্রাম্য চিকিৎসক দিয়ে চিকিৎসা করানো ও সময়মতো হাসপাতালে না আনায় এসব শিশু মারা যাচ্ছে। তা ছাড়া অতিরিক্ত গরমে শিশুদের ডায়রিয়া হচ্ছে। অপ্রাপ্ত বয়স ও সময়ের আগে ভুমিষ্ট হওয়ার কারণেও শিশুরা মারা যাচ্ছে।