নড়াইলে ২০ হাজার মানুষের জন্য চিকিৎসক মাত্র একজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলে প্রায় সাড়ে সাত লাখ মানুষের বসবাস। এ জেলায় সরকারি চিকিৎসাসেবাকেন্দ্রে চিকিৎসকের পদ রয়েছে ১১৫টি। এর মধ্যে কর্মরত আছেন মাত্র ৩৭ জন। এ হিসাব অনুযায়ী, প্রতি ২০ হাজার মানুষের জন্য চিকিৎসক আছেন মাত্র একজন।
সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, এ জেলায় ১০০ শয্যার একটি আধুনিক সদর হাসপাতাল, ৫০ শয্যার দুটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ৭টি উপস্বাস্থ্যকেন্দ্র এবং ৩২টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র রয়েছে। ১১৫টি পদের মধ্যে ৩৭ জন চিকিৎসক কর্মরত আছেন। সদর হাসপাতালে ৩৯টি পদ থাকলেও চিকিৎসক আছেন ১৭ জন। এর মধ্যে জ্যেষ্ঠ বিশেষজ্ঞ চিকিৎসকের আটটি পদ থাকলেও গাইনি, কার্ডিওলজি ও সার্জারি বিভাগে তিনজন ছাড়া অন্য পাঁচটি পদ দীর্ঘদিন ধরে শূন্য। এ ছাড়া কনিষ্ঠ বিশেষজ্ঞ চিকিৎসকের ১১টি পদ থাকলেও আছেন মাত্র একজন শিশু বিশেষজ্ঞ। এসব সরকারি চিকিৎসাসেবাকেন্দ্রে চিকিৎসক-সংকটের কারণে স্বাস্থ্যসেবাব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হয়েছে। অস্ত্রোপচার হয় না বললেই চলে। স্থানীয় বেসরকারি হাসপাতালে ব্যয় বেশি এবং সেবা মানসম্মত নয়। তাই রোগীদের জেলার বাইরে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।
গত বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সদর হাসপাতালে গিয়ে দেখা গেছে রোগীদের ভিড়। পৌর এলাকার রূপগঞ্জের বাসিন্দা রহিমা বেগম চোখের সমস্যায় ভুগছেন। প্রায় তিন ঘণ্টা অপেক্ষা করে চিকিৎসকের দেখা পেয়েছেন। পরে তিনি প্রথম আলোকে বলেন, ‘ডাক্তার কম, রোগী মেলা। সে জন্যি সকালেরতে বসে থাকতি অলো। ডাক্তার কইছেন যশোর খুলনা যাইয়ে বড় ডাক্তার দেখাতি।’
শারমিন লাকি নিউমোনিয়ায় আক্রান্ত তাঁর সাত মাসের শিশুকে চার দিন আগে হাসপাতালে ভর্তি করেছেন। তিনি বলেন, প্রয়োজনের সময় চিকিৎসক পাওয়া যায় না। এতে এই শিশু রোগী নিয়ে খুবই সমস্যা হয়।
হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুজল কুমার বকশি বলেন, অল্পসংখ্যক চিকিৎসকের পক্ষে ২৪ ঘণ্টা জরুরি সেবা, বহির্বিভাগ ও ভর্তি রোগীদের সামাল দেওয়া কঠিন। সার্বক্ষণিক অমানুষিক পরিশ্রম করেও রোগীদের কাঙ্ক্ষিত সেবা দেওয়া সম্ভব হয় না। আবার বিশেষজ্ঞ চিকিৎসকও অপ্রতুল। এ ছাড়া প্রশাসনিক কাজকর্ম, ময়নাতদন্ত, ধর্ষণের আলামত পরীক্ষা, বিভিন্ন প্রশিক্ষণে অংশ নেওয়া, সভায় যোগ দেওয়া, আদালতে সাক্ষ্য দেওয়াসহ নানা কাজে সময় দিতে হয়।
লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ২০১৫ সালের নভেম্বর মাসে ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীত হয়। ৫০ শয্যার জনবলকাঠামো অনুযায়ী, ১০ জন বিশেষজ্ঞ চিকিৎসকসহ ২১ জন চিকিৎসকের পদ সৃষ্টি হওয়ার কথা থাকলেও এখনো তা হয়নি। ৫০ শয্যার জন্য রক্ষণাবেক্ষণ অর্থ, খাবার, ওষুধসহ অন্য সুবিধা এখনো বরাদ্দ হয়নি। চারজন বিশেষজ্ঞসহ চিকিৎসকের পদ আছে নয়টি। কর্মরত আছেন পাঁচজন। গাইনি ও সার্জারি চিকিৎসকের অভাবে কোনো অস্ত্রোপচার হয় না। এ ছাড়া অত্যাধুনিক এক্স-রে যন্ত্রটি প্রায় ১০ বছর ধরে বিকল। প্রায় দুই বছর আগে আলট্রাসনোগ্রাফি ও ইসিজি যন্ত্র আনা হলেও টেকনিশিয়ান নেই, তাই পড়ে আছে।
২০০৮ সালে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীত হয়। এখানে চিকিৎসকের পদ আছে ২১টি। কর্মরত আছেন পাঁচজন। এর মধ্যে ১০ জন বিশেষজ্ঞ চিকিৎসকের পদের সব কটিই শূন্য। গাইনি ও অবেদনবিদ না থাকায় আট মাস ধরে বন্ধ অন্তঃসত্ত্বা নারীদের অস্ত্রোপচার। চার বছর ধরে এক্স-রে যন্ত্রটি নষ্ট। ৫০ শয্যায় উন্নীত হলেও ওষুধ পাওয়া যাচ্ছে ৩১ শয্যার। ১৫ বছরের পুরোনো একটিমাত্র অ্যাম্বুলেন্স আছে, যা প্রায় বিকল।
জেলায় প্রতিটি ইউনিয়নে উপস্বাস্থ্যকেন্দ্র বা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র রয়েছে। এগুলোতে একজন করে ৩৯ জন চিকিৎসকের পদ আছে। কিন্তু আছেন মাত্র তিনজন।
সিভিল সার্জন আমিন আহমেদ খান বলেন, চিকিৎসক-সংকটের পাশাপাশি বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় অস্ত্রোপচারসহ জটিল রোগের চিকিৎসা ব্যাহত হচ্ছে। বিশেষ করে প্রতিটি স্বাস্থ্য কমপ্লেক্সে অন্তত একজন করে গাইনি, শিশু ও অবেদনবিদ বিশেষজ্ঞ থাকলেও চালিয়ে নেওয়া যেত। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে নিয়মিত অবহিত করা হচ্ছে।