নড়াইলে ২৪ ঘণ্টায় করোনায় চারজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস।
প্রতীকী ছবি

নড়াইল জেলায় করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কালিয়া উপজেলায় তিনজন ও লোহাগড়া উপজেলায় একজন মারা গেছেন। গতকাল শনিবার বিভিন্ন সময়ে তাঁদের মৃত্যু হয়। এ নিয়ে জেলায় করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৪০। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুয়ায়ী, গত ২৪ ঘণ্টায় জেলায় ১৫২ জনের নমুনা পরীক্ষা করে ৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নড়াইল সদরেই ৩৯ জন, লোহাগড়ায় ১ ও কালিয়া উপজেলায় ১৮ জন রয়েছেন। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্ত ৩৮ দশমিক ১৬ শতাংশ।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, কালিয়া উপজেলার জামরিলডাঙ্গা গ্রামের তাহেরুল ইসলাম (৭০) ও কালিয়া শহরের ইদ্রিস মোল্লা (৫৫) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং মাউলি গ্রামের ঝরনা বেগম (৪৬) খুলনার একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন। এ ছাড়া লোহাগড়া উপজেলার সুলটিয়া গ্রামের মুরাদ শেখ (৫৫) কুষ্টিয়া সদর হাসপাতালে মারা যান।

জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হন গত ৭ এপ্রিল। এ পর্যন্ত ৯ হাজার ৫২৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্ত হয়েছেন ২ হাজার ৫২৪ জন। এর মধ্যে নড়াইল সদর উপজেলায় ১ হাজার ৩৬৩, লোহাগড়ায় ৮৭৯ ও কালিয়া উপজেলায় ১৮২ জন। মারা গেছেন ৪০ জন। এর মধ্যে নড়াইলে ১৬, লোহাগড়ায় ১৩ ও কালিয়ায় ১১ জন মারা গেছেন।

নড়াইল সদর হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ মৃধা মো. শাহীনুজ্জামান বলেন, দেখা যাচ্ছে করোনায় আক্রান্ত রোগীও ঘুরে বেড়াচ্ছেন, মাস্ক পরছেন না। লকডাউনের পাশাপাশি স্বাস্থ্যবিধি যথাযথভাবে মানতে হবে। ঠিকমতো মাস্ক পরা ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার নিশ্চিত করতে হবে। সমাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে।