নড়াইলের তিন হাজার গ্রাহক আট বছরেও বিদ্যুৎ পাননি
নড়াইলের সদর উপজেলায় পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) তিন হাজার গ্রাহক আট বছরেও বিদ্যুৎ পাননি। ট্রান্সফরমার ও মিটারের নিরাপত্তা সিল (লিপ সিল) না থাকায় ওই সব গ্রাহকের বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেওয়া যাচ্ছে না।পবিস নড়াইল কার্যালয় সূত্রে জানা গেছে, ট্রান্সফরমারের স্বল্পতা ও মিটারের লিপ সিল না থাকার কারণে নড়াইল সদর উপজেলার ৩৮ ইউনিয়নের প্রায় তিন হাজার গ্রাহককে বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। বাসগ্রাম ইউনিয়নের দারিয়াপুর গ্রামের ইকবাল হোসেন জানান, দারিয়াপুর বাজারে একটি ট্রান্সফরমার আছে। এখান থেকে গ্রামের ১৫৭টি পরিবারের বিদ্যুৎ সংযোগ নিতে ২০০৩ সালে সংশ্লিষ্ট দপ্তরে ৫৫ হাজার ১৩৬ টাকা জমা দিয়েছে। বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য খুঁটিসহ তারও টানা হয়েছে। এসব দেখে গ্রামের লোকজন তাঁদের বাড়িতে বিদ্যুতের তার লাগানোসহ অন্যান্য কাজ শেষ করে রেখেছেন। আট বছর ধরে পল্লী বিদ্যুতের কার্যালয়ে ধরনা দিয়েও কোনো কাজ হয়নি।একই গ্রামের মৃত রবিউল ইসলামের স্ত্রী হোসনে আরা বেগম বলেন, ‘অনেক বছর হয়ে গেল টায়া (টাকা) জমা দিছি। গিরামের মদ্দি দিয়ে খুঁটি পুতিছে, তারও টানাইছে। সেই দেহাদেহি অনেকেই টায়া-পয়সা খরচ করে ঘরের মদ্দি তারতুর লাগায়ে ঠিক করিছে। কিন্তু কারেন দেচ্ছে না। এহোন আমরা কী অরবো (করব)। কারে কলি কাজ হবেনে তুমরা বাপু কিছু কতি পার?’বাসগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ইউপি) জাহাঙ্গীর আলম বলেন, ২০০৩ সালে নড়াইল পবিস সদর উপজেলার বাসগ্রাম ইউনিয়নের ২২টি গ্রামে বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্যোগ নেয়। কিন্তু এখনো পাঁচটি গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে পারেনি। ১০টি গ্রামে আংশিক বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। ট্রান্সফরমার না থাকার অজুহাত দেখিয়ে ওই সব গ্রামে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়নি। এতে ওই সব গ্রামের প্রায় ৬০০ পরিবার ভোগান্তি পোহাচ্ছে। প্রায় ৫০ একর জমিতে সেচ দেওয়া যাচ্ছে না।পবিসের নড়াইল জেলা কার্যালয়ের ব্যবস্থাপক এমাজ উদ্দীন জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশা করা যাচ্ছে এই সপ্তাহের মধ্যেই সমস্যার সমাধানসহ বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব হবে।