নড়াইলের দুই সাংসদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের দুই সাংসদ কবিরুল হক এবং এস কে বাকেরের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে নিয়োগ-বাণিজ্য ও চাঁদাবাজির অভিযোগ করেছেন আওয়ামী লীগের তৃণমূলের নেতারা। দলের ভবিষ্যতের জন্য ওই দুই সাংসদকে আগামী নির্বাচনে দলীয় মনোনয়ন না দেওয়ার অনুরোধ করেন তাঁরা।
বৈঠকে উপস্থিত সূত্র জানায়, গতকাল রোববার গণভবনে তৃণমূল নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় সভায় নড়াইল-১ আসনের সাংসদ কবিরুল হকের বিরুদ্ধে অভিযোগ করেন কালিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোল্লা ইমদাদুল ইসলাম। তিনি বলেন, সাংসদ কবিরুল এলকায় স্কুল-কলেজের শিক্ষক নিয়োগসহ বিভিন্ন নিয়োগে টাকা নিয়েছেন। টেন্ডারবাজি ও পরিবহন খাতে চাঁদাবাজি এবং টিআর-কাবিখার বরাদ্দে চরম দুর্নীতি করেছেন। তিনি গত সাড়ে চার বছরে নিজের ভাগ্যের পরিবর্তন করেছেন। দলের জন্য দুর্নাম কুড়িয়েছেন এবং দলকে ক্ষতিগ্রস্তু করেছেন। তাঁকে আগামী নির্বাচনে দলীয় মনোনয়ন দেওয়া হলে আসন হারাতে হবে।
প্রসঙ্গত, কবিরুল হক গত নির্বাচনে স্বতন্ত্র নির্বাচন করে বিজয়ী হন এবং পরে আওয়ামী লীগে যোগ দেন।
নড়াইল-২ আসনের সাংসদ এস কে বাকেরের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরেন লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল হান্নান। তিনি বলেন, সাংসদ বাকের গণবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। গত সাড়ে চার বছরে টিআর-কাবিখায় দুর্নীতি ও নিয়োগ-বাণিজ্য করেছেন। তিনি পুলিশ দিয়ে মানুষকে হয়রানি করেছেন। তাঁকে আবার মনোনয়ন দেওয়া হলে আগামী নির্বাচনে এ আসনে জয়ী হওয়া সম্ভব হবে না।
নড়াইল সদর উপজেলার সাধারণ সম্পাদক অচিন চক্রবর্তী বলেন, দলের সঙ্গে সাংসদদের সম্পৃক্ততা না থাকায় দল ক্ষতিগ্রস্ত হয়েছে।
বৈঠক সূত্র জানায়, মেহেরপুরের সাংসদ জয়নাল আবেদীনের বিরুদ্ধে টিআর ও কাবিখায় অনিয়ম দুর্নীতির অভিযোগ করেছেন সদর উপজেলার সাধারণ সম্পাদক গোলাম রসুল।
এ ছাড়া মাদারীপুর ও ঝালকাঠি জেলার নেতারা প্রধানমন্ত্রীর কাছে লিখিত বক্তব্য দিয়েছেন।