নড়াইলের দুটি রাস্তা বেহাল
নড়াইল জেলা শহর থেকে শেখহাটি ইউনিয়নে যাওয়ার দুটি রাস্তাই বেহাল হয়ে পড়ায় সমস্যায় পড়েছেন যাত্রীরা। এলাকাবাসীর দাবি, শিগগিরই রাস্তা দুটির মেরামত প্রয়োজন। রাস্তা দুটি হলো, মুলিয়া-বাহিরগ্রাম এবং তুলারামপুর-মালিয়াট-হাতিয়ারা।
১৫ এপ্রিল সরেজমিনে দেখা গেছে, তুলারামপুর-শেখহাটি ভায়া মালিয়াট সড়কের পিচ উঠে ইটের খোয়া বের হয়ে পড়েছে। বিভিন্ন স্থানে খানাখন্দ সৃষ্টি হয়েছে। একটু বর্ষা হলে কাদা আর বাকি সময় ধুলায় ভরে থাকে রাস্তা। শেখহাটি ইউনিয়নের ১৫টি গ্রামের প্রায় ৪০ হাজার মানুষ এ পথে চলতে গিয়ে প্রতিনিয়ত হোঁচট খাচ্ছে।
স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নড়াইল কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আবু ছায়েদ এই রাস্তার অবস্থা সত্যিই খুবই খারাপ বলে নিশ্চিত করেছেন। কেন মেরামতের উদ্যোগ নেওয়া হচ্ছে না? জানতে চাইলে প্রকৌশলী বলেন, ‘আসলে এই রাস্তার জন্য টাকা বরাদ্দ নেই। আগামী অর্থবছরে বরাদ্দ পাওয়া গেলে মেরামতের উদ্যোগ নেওয়া হবে। রাস্তাটি মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’
বাকলি গ্রামের নারীনেত্রী কবিতা বিশ্বাস বলেন, তুলারামপুর হয়ে যাওয়ার রাস্তাটির বেনাহাটির মোড়ে কয়েক দিন আগে নছিমন উল্টে ১২ জন যাত্রী জখম হন। এর মধ্যে পাঁচজন মহিলা। এই রাস্তা দিয়ে প্রতিদিন কয়েক শ মানুষ জেলা শহরে যাতায়াত করে। কিন্তু তুলারামপুর থেকে শেখহাটি পর্যন্ত নয় কিলোমিটার এই রাস্তা কয়েক বছর ধরে খারাপ। ফলে তাদের ভোগান্তির শেষ নেই।
সম্প্রতি নড়াইল থেকে মুলিয়া পর্যন্ত সড়ক সংস্কার করা হয়। মুলিয়া থেকে বাহিরগ্রামের রাস্তা সংস্কার করা হলেও বিভিন্ন জায়গায় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বাহিরগ্রাম থেকে শেখহাটি যাওয়ার রাস্তার কাজ চলছে।
স্থানীয় বাসিন্দা অরূপ কুণ্ডু ও উত্তম ঘোষ বলেন, দুই বছর আগেও এই রাস্তা দিয়ে বাস চলাচল করেছে, এখন বন্ধ। ঝুঁকি নিয়ে এই রাস্তায় ইঞ্জিনচালিত ভ্যান, নছিমন-করিমন ও ইজিবাইক চলাচল করছে। ১৪ এপ্রিল রাতে যাত্রীবোঝাই একটি নছিমন উল্টে গিয়ে আটজন যাত্রী আহত হয়। এসব কারণে এখন রাতে নছিমন-করিমন, ভ্যান-ইজিবাইক চলাচল বন্ধ হয়ে গেছে। হয়রানির শিকার হচ্ছে যাত্রীরা।
শেখহাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বুলবুল আহম্মদ জানান, তুলারামপুর-শেখহাটি ভায়া হাতিয়ারা রাস্তার অবস্থা একেবারেই খারাপ। বাইসাইকেলেও এ পথে চলাচল করা যায় না। তিনি বলেন, বাকলি খালের ওপর একটি সেতু নির্মাণ করা হচ্ছে। সেতু নির্মাণের সঙ্গে সঙ্গে এই এলাকার রাস্তাগুলো মেরামতের জন্য সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের জানানো হয়েছে।