নড়াইলের পল্লিতে জুয়ার আসর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের পালের ভিটায় প্রতি রাতে ওয়ান-টেন নামক জুয়া খেলা চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। পবিত্র রমজানে নড়াইল সদর থানা থেকে মাত্র তিন কিলোমিটার দূরে জুয়ার আসর বসায় জনমনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।স্থানীয় সূত্র জানায়, সাতক্ষীরা, বাগেরহাট, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, খুলনা, বেনাপোলসহ বিভিন্ন স্থান থেকে জুয়াড়িরা জুয়া খেলায় অংশ নিতে আসে। প্রতি রাতে হাতবদল হয় কয়েক লাখ টাকা। ১১ আগস্ট সন্ধ্যার পরপরই শুরু হয়ে ভোর পর্যন্ত এই জুয়া চলে।খোঁজ নিয়ে জানা গেছে, কয়েক মাস আগে নড়াইল সদর উপজেলার বাগবাড়ী, পেড়লী, রাইফেল ক্লাবসহ বিভিন্ন এলাকায় জুয়ার আসর বসছিল। পরে র‌্যাবের হস্তক্ষেপে তা বন্ধ হয়। বর্তমানে একই কায়দায় এ খেলা চলছে। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন বাসিন্দা জানান, ক্ষমতাসীন দলের দুই নেতা চন্দন নামের জনৈক জুয়া ব্যবসায়ীকে এনে এ খেলার আয়োজন করেছেন।শাহাবাদ ইউনিয়ন পরিষদের সদস্য জিয়াউর রহমান জুয়া চলার কথা নিশ্চিত করলেও কারা এর সঙ্গে জড়িত, তাদের নাম প্রকাশ করতে চাননি। অতিরিক্ত পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম বলেন, এ ধরনের কোনো খবর তাঁর জানা নেই। এর সঙ্গে যারা জড়িত, তাদের গ্রেপ্তার করে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।