নড়াইলের পল্লিতে নৌকার হাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ষা মৌসুম শুরু হলেই জমে ওঠে নড়াইল সদর উপজেলার বাসগ্রাম ইউনিয়নের ডহর রামসিধি গ্রামের নৌকার হাট। গ্রামের প্রতিটি ঘরেই তৈরি হচ্ছে বিভিন্ন প্রকার নৌকা। প্রতি বুধবার খুব ভোরে এখানে নৌকার হাট বসে।প্রায় ৬০ বছরের পুরোনো ঐতিহ্যবাহী এ হাটে দূর-দূরান্ত থেকে নৌকা কিনতে ছুটে আসেন ব্যবসায়ীসহ সাধারণ ক্রেতারা। ভোর ছয়টা থেকে সকাল ১০টা পর্যন্ত চলে কেনাবেচা। প্রতি হাটে পাঁচ থেকে ছয় লাখ টাকার নৌকা কেনাবেচা হয়। স্থানীয় বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা জানান, দক্ষিণাঞ্চলের নৌকা বেচাকেনার অন্যতম হাট এটি। খুলনার ফুলতলা, তেরখাদা, রূপসা, ডুমুরিয়া ও দিঘলিয়া; যশোরের অভয়নগর ও বাঘারপাড়া; মাগুরার শালিখা ও মহমঞ্চদপুর; ফরিদপুরের আলফাডাঙ্গা ও বোয়ালমারী; গোপালগঞ্জের কাশিয়ানী, মুকসুদপুরসহ অনেক এলাকা থেকে লোকজন এ হাটে নৌকা কিনতে আসে। সরেজমিনে দেখা গেছে, জেলা শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে সংখ্যালঘু-অধ্যুষিত রামসিধি গ্রাম। গ্রামের প্রায় দুই হাজার কৃষি পরিবার শুষ্ক মৌসুমে কৃষি কাজের পাশাপাশি নৌকা তৈরি করে। পুরুষের পাশাপাশি গ্রামের নারীরাও এ কাজে পারদর্শী। বাসগ্রাম-মীরাপাড়া সড়কের ডহর রামসিধি গ্রামের প্রায় আধা কিলোমিটার গ্রাম্য রাস্তার দুপাশের জলাশয়সহ রাস্তার ঢালে সারিবদ্ধভাবে কয়েক শ নৌকা রেখে বেচাকেনা চলে।নৌকা কিনতে আসা লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্ষা মৌসুমে গ্রামাঞ্চলে চলাচলের জন্য নৌকাই একমাত্র বাহন। প্রতিদিন কৃষকেরা জমি থেকে ফসল আনা নেওয়া এবং খাল-বিলে চাঁই, ঘুনি ও দোয়ার পেতে মাছ ধরার কাজে নৌকা ব্যবহার করে থাকেন। এ ছাড়া ঘাস কাটা এবং শাপলা, শামুক ও ঝিনুক কুড়াতে নৌকা অপরিহার্য। তাই রামসিধি নৌকার হাট এখন ক্রেতা-বিক্রেতাদের পদচারণে মুখরিত।গ্রামের প্রবীণ নৌকা-কারিগর নিরাপদ সরকার (৬৫) জানান, তিনি পাঁচটি নৌকা বিক্রির জন্য এনেছেন। একটি নৌকা বিক্রি হবে তিন হাজার ৮০০ থেকে চার হাজার টাকায়। আবার কোনো কোনো নৌকা চার হাজার থেকে সাড়ে চার হাজার টাকায়ও বিক্রি হয়।কালিয়া উপজেলার জামরিলডাঙ্গা গ্রামের নৌকা ব্যবসায়ী হান্নান শেখ (৫১) জানান, তিনি প্রতি হাটে এখান থেকে ১৫ থেকে ২০টি নৌকা কিনে খুলনার বিভিন্ন এলাকায় বিক্রি করেন। ১৬ বছর ধরে তিনি এ ব্যবসা করে আসছেন। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার কাশিয়ানী গ্রামের ব্যবসায়ী কাশেম খান বলেন, প্রতিবছর তিনি এখান থেকে নৌকা কিনে অন্যত্র বিক্রি করেন। নসিমন-করিমনে করে নৌকাগুলো নিয়ে যাওয়া হয়। প্রতিটি নৌকায় এক হাজার থেকে এক হাজার ২০০ টাকা লাভ থাকে।হাটের ইজারাদার হরেকৃঞ্চ বিশ্বাস (৫৫) বলেন, আগে এ হাটে ২০০ থেকে ২৫০টি নৌকা কেনাবেচা হতো। খাল-বিলে পানি কমে যাওয়ায় এবং দূর থেকে ব্যবসায়ী ও ক্রেতারা আসতে না পারায় নৌকার চাহিদা কমে গেছে। তিনি জানান, ব্যাপারিদের কাছ থেকে নৌকাপ্রতি ২৫ টাকা ও খুচরা ক্রেতাদের কাছ থেকে ৩০ টাকা করে নেওয়া হয়।