নড়াইলের বেশির ভাগ রাস্তা যান চলাচলের অনুপযোগী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যথাসময় সংস্কার না করায় নড়াইলের বেশির ভাগ সড়ক যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বিকল্প না থাকায় চলতি বর্ষায় এসব সড়ক দিয়ে বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করায় অবস্থা আরও শোচনীয় হয়ে পড়ছে। নড়াইলের ভাঙাচোরা সড়ক সংস্কারের দাবিতে প্রথম আলো বন্ধুসভা গত মঙ্গলবার শহরে মানববন্ধন কর্মসূচি পালন করে। এ সময় বক্তব্য দেন বন্ধুসভার সভাপতি লিংকন দেবনাথ, সাধারণ সম্পাদক মাহাবুবুল ইসলাম, ছাত্রনেতা আশিকুজ্জামান, সালেহিন তামিম, তাপসী দাস, ছাত্রলীগ সম্পাদক সৌমেন বসু প্রমুখ।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নড়াইল সড়ক ও জনপথের (সওজ) প্রায় ২০০ কিলোমিটার সড়ক রয়েছে। এর মধ্যে আঞ্চলিক মহাসড়ক তিনটি ও ফিডার সড়ক ১০টি। আঞ্চলিক মহাসড়কের মধ্যে নড়াইল-যশোর সড়কের ৩৪ কিলোমিটারের মধ্যে নড়াইল অংশের ১২ কিলোমিটার, কালিয়া সড়কের ২৪ দশমিক ১৫ কিলোমিটার, নড়াইল-ভাটিয়াপাড়া সড়কের ৩৫ কিলোমিটার, মাইজপাড়া সড়কের ১০ কিলোমিটার, নড়াইল-ফুলতলা সড়কের ২৫ কিলোমিটার, নড়াইল-নোয়াপাড়া সড়কের ২৩ কিলোমিটার, নড়াইল-মাগুরা সড়কের ২৩ কিলোমিটার, লোহাগড়া-মহাজন সড়কের ২৩ কিলোমিটার এবং কালিয়া-চাপাইল সড়কের ৪৫ কিলোমিটার চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। এর মধ্যে কিছু কিছু সড়কের সংস্কারকাজ চলছে। সরেজমিনে দেখা গেছে, জেলার বেশির ভাগ সড়কের বেহাল দশা। একটু বৃষ্টি হলে এসব সড়কের গর্তে পানি জমে থাকে। বিকল্প না থাকায় এর মধ্যে যান চলাচল অব্যাহত থাকায় গর্তগুলো আরও বড় ও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। কাদাপানিতে দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারীদের। গুরুত্বপূর্ণ নড়াইল-কালনা সড়ক দিয়ে প্রতিদিন কয়েক হাজার যাত্রীবাহী বাস-মিনিবাস, ট্রাক, প্রাইভেটকার চলাচল করে। এ সড়কের পরিবহনচালক কালু ঘোষ বলেন, রাতে রাস্তা দিয়ে গাড়ি নিয়ে চলা খুবই ঝুঁকিপূর্ণ। যাত্রীদের শারীরিক ও মানসিক কষ্ট হওয়া ছাড়াও গাড়ির বিভিন্ন যন্ত্রাংশের ক্ষতি হয়। ঈগল পরিবহনের চালক সাহেব আলী ও আহম্মদ জানান, ঢাকায় যেতে যে কষ্ট না হয়, তার চেয়ে নড়াইল-কালনা সড়কের মাত্র ১৪ কিলোমিটার পথ পাড়ি দিতে দ্বিগুণ কষ্ট পোহাতে হয়।নড়াইল সওজের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম বলেন, অতি বর্ষণে জেলার বেশির ভাগ সড়ক এখন চলাচলের অযোগ্য। সময়মতো সংস্কার করতে না পারলে আরও সমস্যা হবে। ফলে ভবিষ্যতে সংস্কারে সরকারের অধিক অর্থ ব্যয় হবে। তিনি জানান, গত অর্থবছরে ২০ কোটি টাকার চাহিদা দেওয়া হয়। কিন্তু বরাদ্দ পাওয়া যায় মাত্র পাঁচ কোটি ৩৫ লাখ টাকা। তিনি আরও জানান, নড়াইল-যশোর সড়ক সংস্কারের জন্য ১১ কোটি টাকার দরপত্র আহ্বান করা হলেও অর্থ না পাওয়ায় কাজ শুরু করা যাচ্ছে না।