নড়াইলের অনেক সড়ক যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। গত বর্ষা মৌসুম থেকেই বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক যান চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এখন সেগুলোর অবস্থা আরও শোচনীয়। নামকাওয়াস্তে কিছু সংস্কারকাজ করা হলেও কিছুদিন না যেতেই সেগুলো আগের অবস্থায় ফিরে গেছে।সরেজমিনে দেখা গেছে, রূপগঞ্জ বাঁধাঘাট থেকে গোবরাবাজার, পুরোনো বাস টার্মিনাল থেকে শিঙ্গাশোলপুর বাজার, নড়াইল ফেরিঘাট থেকে কালনা ফেরিঘাট, লোহাগড়া জয়পুর থেকে লাহুড়িয়া বাজার, লক্ষ্মীপাশা চৌরাস্তা থেকে মহাজন বাজার, কালিয়া কলেজ মোড় থেকে চাপাইল ফেরিঘাট, কালিয়া ফেরিঘাট থেকে খুলনা সেনের বাজার ও নড়াইল-যশোর সড়কের নড়াইল ফেরিঘাট থেকে জেলার সীমান্তবর্তী ভাঙ্গুরা পর্যন্ত সড়কের অবস্থা খুবই করুণ।এ ছাড়া জেলা ও উপজেলা শহরের বেশির ভাগ সড়কে খানাখন্দ হওয়ায় যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। একটু বৃষ্টি হলেই এসব গর্তে পানি জমে থাকে। ফলে নিরুপায় হয়েই এসব সড়ক দিয়ে যান চলাচল অব্যাহত থাকায় গর্তগুলো আরও বড় হয়ে যাচ্ছে। এসব গর্তে পানি জমে কাদাপানিতে দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারীদের।নড়াইল-কালনা সড়ক দিয়ে প্রতিদিন ঢাকা, গোপালগঞ্জ, ফরিদপুর, বরিশাল, মাওয়া ও খুলনা, যশোর, বেনাপোলসহ বিভিন্ন স্থানে কয়েক হাজার বাস, ট্রাক ও ব্যক্তিগত গাড়ি চলাচল করে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, যশোর জেনারেল হাসপাতাল, যশোর বিমানবন্দর ও যশোর কলেজে যাতায়াতের একমাত্র সড়কও এটি। এ সড়কের বাসচালক কালু ঘোষ জানান, রাতের বেলায় এ রাস্তায় গাড়ি নিয়ে চলা খুবই ঝুঁকিপূর্ণ। গাড়ির যাত্রীদের কষ্ট হওয়া ছাড়াও গাড়ির বিভিন্ন যন্ত্রাংশেরও ক্ষতি হয়। ঈগল পরিবহনের চালক বিদ্যুৎ কুমার ও আশরাফ হোসেন জানান, ঢাকায় যেতে যে কষ্ট না হয়, তার চেয়ে নড়াইল-কালনা সড়কের মাত্র ১৪ কিলোমিটার পথ পাড়ি দিতে এর দ্বিগুণ কষ্ট পোহাতে হয়।সংশিষ্ট সূত্রে জানা গেছে, জেলায় সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) প্রায় ২০০ কিলোমিটার সড়ক রয়েছে। এর মধ্যে আঞ্চলিক মহাসড়ক তিনটি এবং শাখা সড়ক ১০টি। আঞ্চলিক মহাসড়কের মধ্যে নড়াইল-যশোর সড়কের ৩৪ কিলোমিটারের মধ্যে নড়াইল অংশের ১২ কিলোমিটার, কালিয়া সড়কের ২৪ দশমিক ১৫ কিলোমিটার, নড়াইল-ভাটিয়াপাড়া সড়কের ৩৫, মাইজপাড়া সড়কের ১০, নড়াইল-ফুলতলা সড়কের ২৫, নড়াইল-নওয়াপাড়া সড়কের ২৩, নড়াইল-মাগুরা সড়কের ২৩, লোহাগড়া-মহাজন সড়কের ২৩ এবং কালিয়া-চাপাইল সড়কের ৪৫ কিলোমিটার সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এর মধ্যে কিছু সড়কের সংস্কারের কাজ চলছে।নড়াইলের বাসিন্দা ও পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অবসরপ্রাপ্ত প্রকৌশলী শৈলেন্দ্রনাথ সাহা জানান, অতিবর্ষণে জেলার প্রায় সব সড়কই চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সময়মতো সংস্কার করতে না পারলে হয়তো আরও বেশি ক্ষতি হবে।সওজ নড়াইলের নির্বাহী প্রকৌশলী কবির উদ্দীন জানান, সড়ক মেরামতের জন্য চলতি অর্থবছরে বেশ কিছু টাকা বরাদ্দ পাওয়া গেছে। নড়াইল-কালনা সড়কের জন্য নয় কোটি, নড়াইল-কালিয়া সড়কের জন্য ছয় কোটি ও নড়াইল-যশোর সড়কের জন্য এক কোটি ৩০ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে। দরপত্রও আহ্বান করা হয়েছে। খুব শিগগির সড়কগুলো মেরামতের কাজ শুরু করা হবে। এ ছাড়া চলাচলের জন্য এগুলোর সাময়িকভাবে সংস্কার করা হচ্ছে।