নড়াইলের ১৮ জায়গায় মাদকের বিকিকিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদক ব্যবসায়ী ও পাচারকারীরা নড়াইলের ওপর দিয়ে দক্ষিণাঞ্চল ও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মাদকদ্রব্য পাচার করছে। প্রায় প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে জব্দ করা হলেও বন্ধ হচ্ছে না মাদকের ব্যবসা। নড়াইলের ১৮টি জায়গায় চলছে মাদকের বিকিকিনি।খোঁজ নিয়ে জানা গেছে, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে জড়িত কিছু নামধারী ছাত্র ও যুবনেতা অর্থের জোগান দিয়ে নিজেরাই এ ব্যবসা করছে। এ ছাড়া জনপ্রতিনিধি, রিকশাচালক, চা-বিক্রেতা, নারী-শিশুসহ মুদি দোকানদাররাও এ ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েছেন। আবার অনেকে এদের ছচ্ছছায়ায় থেকে ব্যবসা করছে। এ ছাড়া ভাড়ায় চালিত এক শ্রেণীর মোটরসাইকেলচালক সাংবাদিক লেখা কাগজ লাগিয়ে ব্যবসা করছে। পুলিশের অবস্থান ও গতিবিধি নজরদারি করতে পাচারকারীরা মাসোহারা দিয়ে কিছু যুবককে রাস্তার গুরুত্বপূর্ণ মোড়ে মুঠোফোন হাতে পাহারায় বসিয়েছে। অনুসন্ধানে জানা গেছে, জেলা শহর ও শহরতলির ১৮টি জায়গায় মাদকদ্রব্য কেনাবেচা হয়। এর মধ্যে চারটি জায়গায় পাইকারি দরে কেনাবেচা হয়। জেলা কমিউনিটি পুলিশ কমিটির সভাপতি মুন্সি হাফিজুর রহমান বলেন, নড়াইলে কয়েক বছরে মাদকাসক্তের সংখ্যা ৪০ থেকে ৫০ শতাংশ বেড়েছে। পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে, গত জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত পাঁচ মাসে জেলায় মাদকের মামলা হয়েছে ৭১টি। আটক করা হয়েছে ৯৮ জনকে। পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম বলেন, নড়াইলে নানা সমস্যা আছে সত্য। কিন্তু মাদকের বিস্তার যে কী ভয়াবহ, তা বলে বোঝানো যাবে না।