নড়াইলের ৫০ ভাগ নলকূপে মাত্রাতিরিক্ত আর্সেনিক
নড়াইলের শতকরা প্রায় ৫০ ভাগ নলকূপের পানিতে মাত্রাতিরিক্ত আর্সেনিক রয়েছে। জেলার ৭০১টি গ্রামের মধ্যে ৬৩টি গ্রামের সবগুলো নলকূপের পানিতে মাত্রাতিরিক্ত আর্সেনিক রয়েছে। জেলায় আর্সেনিকে আক্রান্ত লোকের সংখ্যা প্রায় দেড় হাজার। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, স্বাস্থ্য বিভাগ ও বেসরকারি সংস্থা সূত্রে এসব তথ্য জানা গেছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ২০০৩ সালে বিএএমডব্লিউএসপি (বাংলাদেশ আর্সেনিক মিলিটিগেশন ওয়াটার সাপ্লাই প্রজেক্ট) জরিপে জেলায় ২০৯ জন আর্সেনিকে আক্রান্ত রোগী শনাক্ত করে। এরপর আর কোনো জরিপ হয়নি। আর্সেনিক মোকাবিলায় সরকারি উদ্যোগে এ পর্যন্ত যেসব ব্যবস্থা নেওয়া হয়েছে, তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায়, জেলার তিনটি উপজেলার মধ্যে কালিয়া উপজেলার নলকূপগুলোতে আর্সেনিকের দূষণ তুলনামূলকভাবে বেশি এবং তা ভয়াবহ রূপ নিয়েছে। এ উপজেলায় প্রায় ১২ হাজার ৩৪টি নলকূপের মধ্যে আট হাজার ১৪৭টি নলকূপের পানিতে মাত্রাতিরিক্ত (দশমিক ৫ মিলিগ্রাম বা এর বেশি) আর্সেনিক পাওয়া গেছে। এ উপজেলায় ১৯৮টি গ্রামের মধ্যে ৯৮টি গ্রামের ৮০ শতাংশ নলকূপে এবং ৫৫টি গ্রামের শতভাগ নলকূপের পানিতে মাত্রাতিরিক্ত আর্সেনিক রয়েছে। লোহাগড়া উপজেলায় ১২০টি গ্রামের মধ্যে ৫৫টি গ্রামের ৮০ শতাংশ নলকূপের পানিতে এবং সাতটি গ্রামের শতভাগ নলকূপের পানিতে মাত্রাতিরিক্ত আর্সেনিকের সন্ধান পাওয়া গেছে। এ ছাড়া সদর উপজেলার ১৫টি গ্রামের ৮০ শতাংশ নলকূপের পানিতে এবং একটি গ্রামের সবগুলো নলকূপের পানিতে মাত্রাতিরিক্ত আর্সেনিক রয়েছে। নড়াইল পৌরসভা পানি সরবরাহ শাখায় কোনো কর্মকর্তা নেই। তবে হিসাবরক্ষক শুশান্ত কুমার নাথ জানান, জনবলের অভাবে পৌরসভা আর্সেনিক বিষয়ে তেমন কোনো পদক্ষেপ নিতে পারে না। বেসরকারি সংস্থা ‘স্বাবলম্বী’র পরিচালক কাজী হাফিজ জানান, নড়াইলের ৭০১টি গ্রামের শতকরা ৫০ ভাগ নলকূপের পানিতে মাত্রাতিরিক্ত আর্সেনিক রয়েছে। এক জরিপে দেখা গেছে, জেলার প্রায় দেড় হাজার মানুষ কমবেশি আর্সেনিকের বিষক্রিয়ায় আক্রান্ত। বিকল্প ব্যবস্থা না থাকায় গ্রামাঞ্চলের সাধারণ মানুষ লাল রং চিহ্নিত বিপজ্জনক (মাত্রাতিরিক্ত আর্সেনিকযুক্ত) নলকূপের পানি ব্যবহার করতে বাধ্য হচ্ছেন। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী (সদর) মাহামুদুল আলা বলেন, জেলার সচল ৪৪ হাজার নলকূপের মধ্যে ১৯ হাজার ৬৯৮টিতে মাত্রাতিরিক্ত আর্সেনিক রয়েছে। আর্সেনিক মোকাবিলায় নিরাপদ পানি, স্যানিটেশনের ওপর কালিয়া ও লোহাগড়া উপজেলায় ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ ছাড়া সম্প্রতি স্বাস্থ্য বিভাগ ও ইউনিসেফের উদ্যোগে বেশ কয়েকটি প্রকল্প থেকে নিরাপদ পানি সরবরাহ এবং মানুষকে আর্সেনিক বিষয়ে সচেতন করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ কর্মসূচি বাস্তবায়িত হওয়ার পর এলাকায় আর্সেনিক পরিস্থিতির যথেষ্ট উন্নতি হবে।