
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় পদ্মার ভাঙন তীব্র আকার ধারণ করেছে। আজ রোববার সকালে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মূল ভবনে ফাটল ধরেছে। স্বাস্থ্য কমপ্লেক্সের ক্যাম্পাসে থাকা গ্যারেজ, মসজিদের একটি অংশ, সীমানাপ্রাচীর ও প্রবেশের ফটক বিলীন হয়ে গেছে।
গতকাল শনিবারের ভাঙনে পূর্ব নড়িয়া ও উত্তর কেদারপুর গ্রামের দেড় শ পরিবার গৃহহীন হয়েছে। ভাঙনে উত্তর কেদারপুর গ্রামের রাম ঠাকুর সেবা মন্দির বিলীন হয়ে গেছে। এ নিয়ে গত তিন মাসে পদ্মার ভাঙনে নড়িয়ায় ৪ হাজার ৬৫০ পরিবার গৃহহীন হলো।
ভাঙনের কারণে ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১২টি ভবন ঝুঁকিতে রয়েছে। পদ্মা নদী হাসপাতালের সীমানায় চলে আসায় চিকিৎসকদের দোতলা একটি আবাসিক ভবন ৩৫ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়েছে। আতঙ্কে ওই হাসপাতালের রোগীরা অন্যত্র চলে গেছে। চিকিৎসক ও কর্মচারীদের পরিবারের সদস্যদের হাসপাতাল ক্যাম্পাস থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, ১৯৬৮ সালে নড়িয়া উপজেলা সদরের চার কিলোমিটার দূরে মুলফৎগঞ্জ বাজারে ৩০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ করা হয়। ২০১৪ সালে হাসপাতালটি ৫০ শয্যায় উন্নীত করা হয়। হাসপাতাল ক্যাম্পাসে ১২টি পাকা ভবন আছে। যার মধ্যে দুটি তিনতলা ভবনে হাসপাতালের জরুরি বিভাগ, বহির্বিভাগ চালু ছিল। ভাঙনের ঝুঁকিতে পড়ার কারণে গত ৩ আগস্ট ওই ভবন থেকে ক্যাম্পাসের পেছনের দিকের একটি আবাসিক ভবনে সীমিত পরিসরে ১০ শয্যার কার্যক্রম চালু রাখা হয়। ভাঙনের কারণে পদ্মা নদী হাসপাতালের সীমানায় চলে আসায় হাসপাতালের ক্যাম্পাসে থাকা কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাঁদের পরিবারের সদস্যদের নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়েছে। আতঙ্কে রোগীরা হাসপাতাল ছেড়ে চলে গেছে। হাসপাতাল ক্যাম্পাসের একটি আবাসিক ভবনে এখন জরুরি বিভাগ ও বহির্বিভাগ চালু রাখা হয়েছে। হাসপাতালে প্রবেশের সড়কটি বিলীন হয়ে যাওয়ায় ক্যাম্পাসের পেছন দিকের সীমানাপ্রাচীর ভেঙে সরু রাস্তা বের করা হয়েছে। হাসপাতালের সামনের ২৫টি ওষুধের দোকান বিলীন হয়ে গেছে। এ কারণে হাসপাতালে কোনো রোগী আসছে না।

নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের এক নার্স প্রথম আলোকে বলেন, ‘পরিবারের সদস্যদের সরিয়ে নিয়েছি। জরুরি চিকিৎসা দেওয়ার জন্য আমাদের হাসপাতালে উপস্থিত থাকতে হচ্ছে। সব সময় উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে থাকতে হচ্ছে।’
নড়িয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুনীর আহমেদ বলেন, আজ সকাল থেকে হাসপাতালের স্থাপনা পদ্মায় বিলীন হওয়া শুরু হয়েছে। হাসপাতালের মূল ভবনে ফাটল ধরেছে। যেকোনো সময় ওটা নদীতে ধসে পড়তে পারে। পদ্মার ভাঙনে হাসপাতালের ১২টি ভবন ঝুঁকিতে রয়েছে। চিকিৎসকদের একটি আবাসিক ভবন নিলামে বিক্রি করা হয়েছে। হাসপাতালের ১২টি ভবনের নির্মাণ ব্যয় ছিল প্রায় ১১ কোটি টাকা। যার মধ্যে একটি দ্বিতল ভবন বিক্রি করা হলো ৩৫ হাজার টাকা।
মুনীর আহমেদ আরও বলেন, ভাঙনের আতঙ্কে রোগীরা হাসপাতাল ছেড়ে চলে গেছে। এখন সীমিত পরিসরে জরুরি ও বহির্বিভাগের কার্যক্রম চালু রাখা হয়েছে।
নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা ইয়াছমিন বলেন, ভাঙনের ঝুঁকিতে থাকায় হাসপাতালের কার্যক্রম সীমিত পরিসরে চালু রাখা হয়েছে। হাসপাতালের যন্ত্রপাতি ও প্রয়োজনীয় জিনিসপত্র ভোজেশ্বর, পণ্ডিতসার ও নড়িয়া উপস্বাস্থ্য কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে।