পরিবারের অভাব দূর করতে মালয়েশিয়া যাওয়ার জন্য দালালের হাতে টাকা তুলে দিয়েছিলেন শরীয়তপুরের নড়িয়া উপজেলার তিন তরুণ। কিন্তু তাঁরা মালয়েশিয়া যেতে পারেননি। গত ৪ জুন টেকনাফ থেকে ট্রলারে ওঠার পর থেকে নিখোঁজ রয়েছেন। সন্ধান না পেয়ে পরিবারের লোকজন উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন।ওই তিন তরুণ হলেন নড়িয়ার জপসা সিডুমাদবরকান্দি গ্রামের রফিক খানের ছেলে হারুন খান (৩০), আজিজ হাওলাদারের ছেলে মনির হোসেন (২৯) ও খোকন দেওয়ানের ছেলে রুবেল দেওয়ান (১৮)। কিছুদিন আগে পরিবারের সদস্যরা তাঁদের সন্ধান করতে দালাল মোবারক খানের কাছে যান। এ সময় নেওয়া টাকা ফেরত দিয়ে মোবারক এলাকা থেকে পালিয়ে যান।ওই তরুণদের পরিবারের সদস্যরা অভিযোগ করেন, জপসা সিডুমাদবরকান্দি গ্রামের কাদির খানের ছেলে মোবারক খান অবৈধ পথে মালয়েশিয়ায় লোক পাঠানো চক্রের সদস্য। হারুন খান, মনির হোসেন ও রুবেল মালয়েশিয়া যাওয়ার জন্য মোবারককে দুই লাখ ৭০ হাজার টাকা করে দেন। গত ২০ মে তাঁরা মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। গত ৪ জুন মোবারক খান তাঁদের কক্সবাজারের টেকনাফ থেকে ট্রলারে তুলে দেন। এরপর থেকে তাঁদের কোনো সন্ধান না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। তাঁদের সন্ধানে তাঁরা টেকনাফ গিয়ে জানতে পারেন, ১৫ জুন বঙ্গোপসাগরে ট্রলারডুবিতে কয়েকজনের মৃত্যু হয়েছে। পরদিন ওই ট্রলারে থাকা নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার দিঘলদী গ্রামের শামিম খানকে জেলেরা জীবিত উদ্ধার করে। পরে তাঁরা তাঁদের ছবি নিয়ে শামিম খানের কাছে যান। ছবি দেখে শামীম নিশ্চিত করেন ওই ট্রলারে হারুন, মনির ও রুবেলও ছিলেন।মুঠোফোনে শামিম খান জানান, তিনিসহ ২৭ জনকে ৪ জুন রাতে এক দালাল টেকনাফ উপকূল থেকে একটি ট্রলারে তুলে দেয়। সেই ট্রলার দিয়ে তাঁদের বঙ্গোপসাগরের গভীরে অপেক্ষমাণ একটি জাহাজে তোলার কথা। কিন্তু ঝড়ের কবলে পড়ে তাঁদের বহনকারী ট্রলারটি ১৫ জুন রাতে ডুবে যায়। একটি প্লাস্টিকের ড্রাম ধরে তিনি ভেসে ছিলেন। জেলেরা তাঁকে এক দিন পর উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।রুবেল দেওয়ানের বাবা খোকন দেওয়ান বলেন, ‘আমরা গরিব মানুষ। সংসারের অভাব দূর করতে ছেলেকে মালয়েশিয়া পাঠানোর জন্য মোবারকের কাছে দিয়েছিলাম। দুই মাস ধরে ছেলের কোনো সন্ধান পাচ্ছি না।’ ১৬ জুলাই জপসা সিডুমাদবরকান্দি গ্রামে গিয়ে মোবারক খানকে পাওয়া যায়নি। তিনি পরিবারের সদস্যদের নিয়ে এলাকা থেকে পালিয়ে গেছেন। নিখোঁজ ব্যক্তিদের স্বজনেরা কান্নাকাটি করছেন। জপসা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মাদবর জানান, ওই তিন তরুণের স্বজনেরা তাঁর কাছে এসে বিষয়টি জানান। ইউপির এক সদস্যকে তাঁদের খোঁজ নিতে তিনি টেকনাফ পাঠান। সেখানে গিয়ে তাঁরা জানতে পারেন ওদের বহন করা ট্রলারটি বঙ্গোপসাগরে ডুবে গেছে। এলাকার মুরব্বিদের মাধ্যমে দালাল মোবারকের কাছ থেকে মালয়েশিয়া পাঠানোর জন্য দেওয়া টাকা ফেরত নেওয়া হয়েছে।নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, মালয়েশিয়া যাওয়ার পথে তিন তরুণ নিখোঁজ হওয়ার খবর তাঁরা পেয়েছেন। পরিবারের সদস্যরা তাঁর কাছে এলে তিনি লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেন। কিন্তু তাঁরা অভিযোগ দেননি।