শরীয়তপুরের নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক গ্রামে গতকাল বৃহস্পতিবার ভোরে ডাকাতি শেষে পালানোর সময় পাঁচজন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতদের ছোড়া ককটেল বিস্ফোরণে পুলিশ কর্মকর্তাসহ চারজন আহত হয়েছেন। আহত ব্যক্তিরা হলেন: নড়িয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. জাকারিয়া, ফয়সাল আহম্মেদ, খরকরা গ্রামের সুমন ও পলাশ। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, গতকাল ভোরে খরকরা গ্রামের ইউসুফ শেখের বাড়িতে একদল ডাকাত হানা দেয়। একপর্যায়ে গ্রামবাসী টের পেয়ে ডাকাতদের ঘেরাও করে নড়িয়া থানায় খবর দেয়। পুলিশের ৪০ সদস্যের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়। এ ছাড়া ডাকাত হানা দেওয়ার এ খবর গ্রামের মসজিদ থেকে প্রচার করা হলে আশপাশের কয়েকটি গ্রামের শত শত মানুষ এগিয়ে আসে।এ পর্যায়ে ডাকাতের দল কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায় ও গুলি ছোড়ে। পুলিশও একটি ফাঁকা গুলি ছুড়ে এর জবাব দেয়। গ্রামবাসীর সহায়তায় পুলিশ পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হলেও অন্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। এ সময় তাঁদের কাছ থেকে একটি শাটারগান, বন্দুকের পাঁচটি কার্তুজ, চারটি ককটেল ও তিনটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।গ্রেপ্তার হওয়া ডাকাতেরা হলেন: গোসাইরহাট উপজেলার আ. রব হাওলাদার, মাদারীপুরের রফিক মিয়া, আজিম শেখ, শেরপুরের সজল মিয়া ও বরগুনার মজিবর রহমান। রব ওই ডাকাত সরদার বলে জানা গেছে। তিনি ১১টি ডাকাতি মামলার আসামি। দেড় বছর জেল খাটার পর ১৪ ডিসেম্বর জামিনে মুক্তি পান। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের ফকির প্রথম আলোকে বলেন, দুটি মামলা হয়েছে। গ্রেপ্তার করা ডাকাতদের আজ শুক্রবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।