নড়িয়ায় চার শতাধিক পরিবার গৃহহারা
পদ্মার ভাঙনে দিশাহারা হয়ে পড়েছে শরীয়তপুরের নড়িয়া উপজেলার ১৩টি গ্রামের মানুষ। গত এক সপ্তাহে গ্রামগুলোর চার শতাধিক পরিবার গৃহহারা হয়েছে। ভাঙনের কবলে পড়েছে তিনটি বাজারের ৬০টি ব্যবসাপ্রতিষ্ঠান।পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) শরীয়তপুর কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরে পদ্মা নদীর পানি বাড়ছে। নদীর তীব্র স্রোতের কারণে ভাঙনের সৃষ্টি হচ্ছে। নড়িয়া উপজেলার কেদারপুর, ঘড়িসার, চরআত্রা ও নওপাড়া ইউনিয়নের ১৩টি গ্রামে সাত দিনে ৪১৫টি পরিবার গৃহহারা হয়েছে। সাহেবেরচর গ্রামের ২০টি, বশাকেরচর গ্রামের ২০টি, কেদারপুর গ্রামের ১৫টি, চরনড়িয়া গ্রামের ২৫টি, চরজুজিরা গ্রামের ১৫টি, পাঁচগাঁও গ্রামের ২৫টি, চণ্ডীপুর গ্রামের ১৫টি, সুরেশ্বর গ্রামের ১০টি, দেওয়ান কান্দি গ্রামের ৫০টি, মুন্সী কান্দি গ্রামের ৫০টি, তপাদার কান্দি গ্রামের ১০০টি, মিজি কান্দি গ্রামের ৫০টি ও বাবুরচর গ্রামের ২০টি পরিবার গৃহহারা হয়ে পড়েছে।এ ছাড়া সুরেশ্বর, চণ্ডীপুর ও ওয়াপদা বাজারের ৬০টি ব্যবসাপ্রতিষ্ঠানের জায়গা নদীগর্ভে বিলীন হয়েছে। নওপাড়া ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য তফাজ্জল তপাদার বলেন, ‘আমাদের ইউনিয়নের চারটি গ্রাম ভাঙনের কবলে পড়েছে। গ্রামগুলোর ৫০ ভাগের বেশি এলাকা নদীতে বিলীন হয়ে গেছে।’নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান জানান, নড়িয়ার চারটি ইউনিয়নে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্তদের ২৫ কেজি করে ত্রাণের চাল সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।পাউবো শরীয়তপুরের নির্বাহী প্রকৌশলী আবদুল খালেক জানান, অর্থ বরাদ্দ না থাকায় ভাঙন রোধে কোনো পদক্ষেপ নেওয়া যাচ্ছে না।