নড়িয়ায় তিনটি স্বর্ণের দোকানে ডাকাতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শরীয়তপুরের নড়িয়া উপজেলার বাংলাবাজারে মঙ্গলবার গভীর রাতে তিনটি স্বর্ণের দোকানে ডাকাতি হয়েছে। দোকানের কর্মীদের বেঁধে রেখে ডাকাত দল সিন্দুক ভেঙে স্বর্ণালংকার ও টাকা লুট করে নিয়ে যায়। বাজারের ব্যবসায়ীরা জানান, রাত দুইটায় ১০ থেকে ১৫ জনের ডাকাত দল নড়িয়া উপজেলার বাংলাবাজারের বিপুল পালের শান্ত শিল্পালয়, সুরজিত পালের মাতৃকাঞ্চন শিল্পালয় ও সুভাষ পালের শিলা শিল্পালয়ের তালা ও শাটার ভেঙে কর্মীদের বেঁধে ফেলে। ডাকতেরা আট ভরি স্বর্ণালংকার, ৪০ ভরি রুপা ও এক লাখ ৫০ হাজার টাকা নিয়ে যায়। খবর পেয়ে নড়িয়া থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। শান্ত শিল্পালয়ের মালিক বিপুল পাল বলেন, রাতে দোকানের কর্মচারীদের বেঁধে রেখে অস্ত্রের মুখে সিন্দুক ভেঙে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে গেছে ডাকাতেরা। নড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) এ কে আজাদ বলেন, ডাকাতির ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।