নড়িয়ায় পদ্মার ভাঙনে ৪৩০টি পরিবার গৃহহীন
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় পদ্মা নদীর ভাঙনে পাঁচটি গ্রামের ৪৩০টি পরিবার গৃহহীন হয়ে পড়েছে। গত রোববার ও গতকাল সোমবার এ ঘটনা ঘটেছে। নদীগর্ভে বিলীন হয়ে গেছে গ্রামগুলোর ৫০০ একর ফসলি জমি।পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) শরীয়তপুর কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, পানি কমতে থাকায় নদীতে তীব্র স্রোতের সৃষ্টি হয়েছে। গত শনিবার সকাল থেকে ভাঙনে চরজুজিরা গ্রামের ১১০টি পরিবার, পাঁচগাঁও গ্রামের ৯০, কেদারপুর গ্রামের ৬০, বুন্না গ্রামের ৭০ ও সাধুর বাজার গ্রামের ১০০টি পরিবার গৃহহীন হয়েছে। ভাঙনে শরীয়তপুর-চণ্ডীপুর সড়কের ১০০ মিটার সড়ক নদীতে বিলীন হয়েছে। এসব গ্রামের ৯০০টি পরিবার ভাঙনের হুমকির মুখে রয়েছে।গতকাল ভাঙনকবলিত গ্রামগুলোতে গিয়ে দেখা যায়, সড়কের পাশের গাছগুলো কেটে নিয়ে যাচ্ছে এলাকার মানুষ। ভাঙনের হুমকিতে থাকা পরিবারগুলো তাদের ঘর সরিয়ে নিচ্ছে। নদীভাঙনের খবর পেয়ে গ্রামগুলোতে যান জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শওকত আলী, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এনামুল হক, জেলা প্রশাসক রামচন্দ্র দাস, পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম।পাউবো শরীয়তপুরের নির্বাহী প্রকৌশলী আবদুল খালেক বলেন, নড়িয়ার ভাঙনকবলিত গ্রামগুলোতে নদীর তীর সংরক্ষণের কাজ চলছে। আরও অর্থ বরাদ্দ চেয়ে মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। বর্ষার পরে তীর সংরক্ষণের বাকি কাজ করা হবে।