নড়িয়ায় পদ্মার ভাঙনে ৯০টি দোকান বিলীন
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় পদ্মার ভাঙন অব্যাহত আছে। গত সোমবার বিকেল থেকে গতকাল মঙ্গলবার দুপুর পর্যন্ত চণ্ডিপুর লঞ্চঘাটে ৫০টি ও ওয়াপদা বাজারের ৪০টি ব্যবসা প্রতিষ্ঠানের জায়গা বিলীন হয়েছে। নদীগর্ভে বিলীন হয়েছে চণ্ডিপুর-শরীয়তপুর সড়কের আরও ১০০ মিটার পাকা রাস্তা। স্থানীয় লোকজন জানান, গত কয়েক দিনের ভাঙনে ক্ষতিগ্রস্ত লোকজন চরম দুর্ভোগে পড়েছেন। তাঁরা বিভিন্ন সড়কের পাশে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছেন। ভাঙনে ক্ষতিগ্রস্তদের মধ্যে ২১ টন চাল বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক রাম চন্দ্র দাস। তিনি বলেন, ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে আরও বরাদ্দ চাওয়া হয়েছে।পাউবোর শরীয়তপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আবদুল খালেক বলেন, ‘ব্যাপক ভাঙনে পদ্মা তীরবর্তী জনপদের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু এই মুহূর্তে আমাদের করার কিছুই নেই।’