নড়িয়ায় সাত দিনে ২০টি বসতবাড়ি পদ্মায় বিলীন
শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঘড়িষার ও কেদারপুর ইউনিয়নে গত এক সপ্তাহে ২০টি বসতবাড়ি পদ্মায় বিলীন হয়েছে। ভাঙনের হুমকিতে রয়েছে দুটি বিদ্যালয় ও একটি কলেজ। স্থানীয় সূত্রে জানা গেছে, ঘড়িষার ইউনিয়নের সুরেশ্বর গ্রাম ও কেদারপুর ইউনিয়নের সাহেবের চর গ্রামে ব্যাপক আকারে ভাঙন দেখা দিয়েছে। এক সপ্তাহে ২০টি পরিবারের বসতবাড়ি বিলীন হয়েছে। হুমকির মুখে রয়েছে সুরেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সুরেশ্বর উচ্চবিদ্যালয়, সুরেশ্বর কলেজ ও সুরেশ্বর বাজার।ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার দাবিতে গতকাল সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সুরেশ্বর দরবার শরিফ থেকে সুরেশ্বর লঞ্চ ঘাট পর্যন্ত মানববন্ধন করেন এলাকাবাসী। এতে স্কুল-কলেজের শিক্ষার্থী, বাজারের ব্যবসায়ী ও গ্রামবাসী অংশ নেন। সুরেশ্বর উচ্চবিদ্যালয়ের শিক্ষক হাসানুজ্জামান খোকন বলেন, বিদ্যালয়টি গত কয়েক বছরে তিনবার ভাঙনের শিকার হয়েছে। বর্তমানে পদ্মার দূরত্ব মাত্র ২০০ মিটার। ঘড়িষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রব হাওলাদার বলেন, নদী ভাঙন রোধে ব্যবস্থা নিতে স্থানীয় সাংসদ ও পানি উন্নয়ন বোর্ডকে (পাউবো) অনুরোধ করা হয়েছে। শরীয়তপুর পাউবোর নির্বাহী প্রকৌশলী আবদুল খালেক বলেন, দুই কিলোমিটার পদ্মা নদীর তীর সংরক্ষণের কাজ চলছে। আরও কিছু এলাকায় বাঁধ নির্মাণের পরিকল্পনা পাউবোর রয়েছে।