নয় ইউপিতে একমাত্র 'সাধারণ' নারী জাহানারা
সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সাধারণ সদস্য পদে একমাত্র নারী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাহানারা বেগম (নান্না)। শুধু এই ইউনিয়নে নয়, উপজেলার নয়টি ইউপিতে সাধারণ সদস্য পদে আর কোনো নারী প্রার্থী নেই।
গৌরারং ইউপির টুকেরগাঁও, ইনাতনগর, হাসনাবাদ, হোসেনপুর ও মনমতেরগাঁও—এই পাঁচটি গ্রাম নিয়ে ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড। জাহানারা বেগমের বাড়ি টুকেরগাঁও গ্রামে। এই ওয়ার্ডে সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাতজন। এর মধ্যে তিনিই একমাত্র নারী প্রার্থী। তাঁর বাবা সফর আলীও এই ওয়ার্ডের নির্বাচিত সদস্য ছিলেন।
জাহানারা বেগমের সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁর স্বামী আবদুল মনাফের একটি সিএনজিচালিত অটোরিকশা আছে। তিনি নিজেই সেটি চালান। এই আয় দিয়েই সংসার চলে। তাঁদের এক ছেলে ও এক মেয়ে। দুই সন্তানই স্কুলে যায়। জাহানারা টুকেরগাঁও গ্রামে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের ‘অপরাজিতা’ নারী উন্নয়ন সংগঠনের সভাপতি। এলাকার বিভিন্ন সামাজিক ও উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। নারী নির্যাতন, যৌতুক, বাল্যবিবাহ বন্ধসহ এলাকায় বিদ্যুতায়ন, রাস্তাঘাট নির্মাণ, শিক্ষার উন্নয়নে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করেন। তাঁর কাজ দেখেই এলাকাবাসী নির্বাচনে প্রার্থী হতে উৎসাহ জুগিয়েছেন। তিনি বলেন, ‘ইউপির সংরক্ষিত নারী ওয়ার্ডের নির্বাচিত সদস্যদের সঙ্গে মিশে দেখেছি, তাঁরা পরিষদে নানাভাবে বৈষম্যের শিকার হন। তাই সিদ্ধান্ত নিয়েছি সাধারণ সদস্য পদে নির্বাচন করব। এলাকাবাসী ও ভোটারদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। নির্বাচিত হলে সর্বস্তরের মানুষের জন্য কাজ করব। নারী উন্নয়নকে প্রাধান্য দেব। নিজে দুর্নীতিমুক্ত থেকে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকব।’