নয় এলাকায় ১৪৪ ধারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার পাইকগাছা, যশোরের কেশবপুর, নেত্রকোনার পৌর এলাকা, পঞ্চগড়ের বোদা ও দেবীগঞ্জ, জামালপুরের সরিষাবাড়ী, ফেনীর সোনাগাজী, সিরাজগঞ্জ শহর ও বরগুনার পাথরঘাটায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় প্রশাসন এ ব্যবস্থা নিয়েছে।

আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:

পাইকগাছা (খুলনা): পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান প্রথম আলো ডটকমকে জানান, উপজেলা সদরের শহীদ মিনার চত্বরে বিএনপির দুই পক্ষ ও আওয়ামী লীগ একই স্থানে সভা করার অনুমতি চেয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় গতকাল বৃহস্পতিবার ১৪৪ ধারা জারি করা হয়েছে। আজ শুক্রবার ভোর ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে।

কেশবপুর (যশোর): কেশবপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সায়েদ মো. মনজুর আলম আজ সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত কেশবপুর পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেন। যশোরের কেশবপুরে আওয়ামী লীগ ও বিএনপি একই স্থানে সমাবেশ ডাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জানা গেছে, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের দাবিতে বেলা তিনটায় স্থানীয় ত্রিমোহিনী মোড় চত্বরে ১৮-দলীয় জোট সমাবেশ ডাকে। একই স্থানে একই সময় উপজেলা আওয়ামী লীগ পাল্টা সমাবেশের ঘোষণা দেয়।

নেত্রকোনা: জেলা প্রশাসক আনিস মাহমুদ বলেন, একই স্থানে সমাবেশ ডাকায় নাশকতার আশঙ্কায় ভোর ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

স্থানীয় শহীদ মিনারে আওয়ামী লীগ ও বিএনপি সমাবেশ ডেকেছিল।

পঞ্চগড়: জেলার বোদা ও দেবীগঞ্জ উপজেলা সদরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। আজ ভোর ছয়টা থেকে রাত ১২টা পর্যন্ত এ আদেশ বহাল থাকবে।

দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বোদা উপজেলার দায়িত্বে থাকা ইউএনও মো. মাহাবুবুল হক বলেন, আওয়ামী লীগ ও বিএনপি একই সময় একই স্থানে জনসভা ডেকেছে। তাদের মধ্যে সংঘর্ষ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় বোদা উপজেলা সদরের ধানহাটি এবং দেবীগঞ্জের বিজয় চত্বরের আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

সরিষাবাড়ী (জামালপুর): সরিষাবাড়ীর ইউএনও কাজী আবেদা গুলশান জানান, শহরের পৌরসভা এলাকায় আজ শুক্রবার ভোর ছয়টা থেকে শনিবার ভোর ছয়টা পর্যন্ত ১৪৪ ধারা বলবত্ থাকবে।

প্রশাসনের জারি করা বিজ্ঞপ্তিতে দেখা গেছে, সরিষাবাড়ী পৌরসভা এলাকায় উপজেলা আওয়ামী লীগ ও বিএনপিসহ কোনো রাজনৈতিক দল দলীয় সভা-সমাবেশ করতে পারবে না।

সোনাগাজী (ফেনী): সোনাগাজী থানার ওসি সুভাষ চন্দ্র পাল জানান, উপজেলা আওয়ামী লীগ ও বিএনপি-জামায়াত জোট আজ উপজেলা সদরের জিরো পয়েন্টে সমাবেশ ডাকে। উভয়পক্ষকে সমাবেশ না করতে বলা হয়েছে। তারপরও আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে অবনতি না হয় সে জন্য আজ সকাল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে।

সিরাজগঞ্জ: জেলা প্রশাসক মো. বিল্লাল হোসেন জানান, শহরের স্বাধীনতা স্কয়ার চত্বরে আজ আওয়ামী লীগ ও বিএনপি সভা-সমাবেশ ডাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। 

পাথরঘাটা (বরগুনা): পাথরঘাটার ইউএনও শাখাওয়াত হোসেন সরকার জানান, আজ বিকেলে বিএনপি ও আওয়ামী লীগ স্থানীয় খাসকাচারি মাঠে একই সময়ে সভা ডাকে। শান্তিশৃঙ্খলায় বিঘ্ন ঘটার আশঙ্কায় পাথরঘাটা পৌর এলাকায় আজ সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে।

এদিকে দুপুরে পাথরঘাটা উপজেলা বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে স্থানীয় বিএনপির নেতারা গতকাল রাতে গ্রেপ্তার পাথরঘাটা উপজেলা বিএনপির  সাধারণ সম্পাদক চৌধুরি মো. ফারুক  ও উপজেলা ছাত্রদলের সদস্য আফরোজ হোসেনকে আজ সন্ধ্যা ছয়টার মধ্যে মুক্তি দেওয়ার দাবি জানান। অন্যথায় আগামীকাল শনিবার পাথরঘাটায় অর্ধদিবস হরতালের ডাক দেওয়া হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন পাথরঘাটা পৌর বিএনপির সভাপতি খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক জায়েদুর রহমান।