নয় কাউন্সিলর প্রার্থীর বিরুদ্ধে ৩৩ মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপির সমর্থক নয়জন কাউন্সিলর প্রার্থীর বিরুদ্ধে ৩৩টি মামলা রয়েছে। এঁদের মধ্যে একজন কাউন্সিলর প্রার্থীর বিরুদ্ধে সর্বোচ্চ ১৩টি মামলা রয়েছে। নির্বাচন কমিশনে জমা দেওয়া প্রার্থীদের হলফনামা ঘেঁটে এসব তথ্য পাওয়া গেছে।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান রানা বলেন, সরকারবিরোধী আন্দোলন চলাকালে হাজীগঞ্জে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে ১০১টি মামলা হয়েছে। এসব মামলায় কয়েক হাজার নেতা-কর্মীকে আসামি করা হয়েছে। তিনি দাবি করেন, বেশির ভাগ মামলাই নেতা-কর্মীদের হয়রানির জন্য করা হয়েছে।
হলফনামায় দেওয়া মামলার বিবরণ অনুযায়ী, সরকারি কাজে বাধাদান, নাশকতা, গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও পুলিশের ওপর হামলার অভিযোগে এসব মামলা করা হয়েছে। শুধু একজন কাউন্সিলর প্রার্থীর বিরুদ্ধে রাজনৈতিক মামলার পাশাপাশি দুটি মাদক মামলা রয়েছে।
হলফনামা ঘেঁটে দেখা গেছে, ২ নম্বর ওয়ার্ডে সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে একটি, ৬ নম্বর ওয়ার্ডে আবু বকর ছিদ্দিকের বিরুদ্ধে একটি, ৭ নম্বর ওয়ার্ডে আবুল খায়ের মৃধার বিরুদ্ধে পাঁচটি, ৮ নম্বর ওয়ার্ডে মুরাদ হোসেনের বিরুদ্ধে একটি, আবুল কাশেমের বিরুদ্ধে তিনটি, হানিফ ভূইয়ার বিরুদ্ধে তিনটি, ৯ নম্বর ওয়ার্ডে সালেহ আহম্মেদের বিরুদ্ধে চারটি, ১০ নম্বর ওয়ার্ডে বিল্লাল হোসেনের বিরুদ্ধে দুটি ও খোরশেদ আলমের বিরুদ্ধে দুটি মাদক মামলাসহ ১৩টি মামলা রয়েছে।
খোরশেদ আলম বলেন, ‘আমি পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক পদে আছি। সরকারবিরোধী আন্দোলনে ভূমিকা রাখায় আমার বিরুদ্ধে এতগুলো মামলা হয়েছে।’ মাদক মামলা সম্পর্কে তিনি বলেন, ‘আন্দোলন-সংগ্রাম থেকে দূরে রাখার জন্য আমার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দেওয়া হয়েছে।’