গাজীপুর জেলা নির্বাচন কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও কমিটি তা দিতে পারেনি। ইতিমধ্যে চলে গেছে নয়টি কার্যদিবস। এ পরিস্থিতিতে কর্মকর্তা-কর্মচারীদের কাজ করতে হচ্ছে কার্যালয়ের বারান্দায় বসে। জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান জানান, গত ২২ মার্চ সকাল সাড়ে নয়টায় কার্যালয়ের তিনটি কক্ষের মধ্যে একটি কক্ষে আগুন লাগে। এ কক্ষেই বেশির ভাগ কর্মকর্তা-কর্মচারী বসতেন। অগ্নিকাণ্ডে ২২টি ল্যাপটপ, ৩০টি ওয়েব ক্যামেরা, ৩০টি ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার, তিনটি স্ক্যানার, আসবাব ও মূল্যবান সামগ্রীসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে যায়।অগ্নিকাণ্ডের ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সেবাস্টিন রেমাকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তের জন্য ওই দিন থেকেই কক্ষটি তালা দিয়ে রাখা হয়েছে। তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও গত বৃহস্পতিবার পর্যন্ত সময় বাড়ানো হয়। কিন্তু গতকাল শুক্রবার বিকেল পাঁচটা পর্যন্ত কমিটি প্রতিবেদন দিতে পারেনি।সেবাস্টিন রেমা গতকাল বিকেল পাঁচটার দিকে প্রথম আলোকে বলেন, ‘তদন্ত শেষে প্রতিবেদন তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। আজকের (শুক্রবার) মধ্যেই জেলা প্রশাসক বরাবর প্রতিবেদন জমা দেওয়া হবে।’