নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী পৌরসভা নির্বাচনে স্থগিত ১০ কেন্দ্রের মধ্যে নয়টিতে গতকাল মঙ্গলবার মোটামুটি শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শেষ হয়েছে। কেন্দ্রে প্রভাব বিস্তার ও ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে সিল মারার ঘটনায় এক কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়।
এদিকে বিভিন্ন কেন্দ্রে জাল ভোট দেওয়ার চেষ্টার দায়ে আট ব্যক্তিকে ভিন্ন ভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
গতকাল সকাল আটটা থেকে স্থগিত ১০টি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয়। সকাল থেকে প্রতিটি কেন্দ্রে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ করা যায়। এর মধ্যে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনেক নারীকে ভোট দেওয়ার জন্য দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
বেলা ১১টার দিকে দক্ষিণ নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ঢুকে পড়ে একদল বহিরাগত যুবক। তারা সহকারী প্রিসাইডিং কর্মকর্তার কাছ থেকে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে সিল মেরে বাক্সে ঢুকিয়ে দেয়। এ পরিস্থিতিতে কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ওই কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করেন।
এ ছাড়া বাকি নয়টি কেন্দ্রে বিচ্ছিন্নভাবে জালভোটের কিছু অভিযোগ পাওয়া গেলেও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শেষ হয়।
বিএনপির মেয়র পদপ্রার্থী জহির উদ্দিন হারুন বলেন, প্রতিটি কেন্দ্রেই সকাল থেকে বহিরাগত ব্যক্তিরা জালভোট দিতে থাকে। পোলিং এজেন্টরা এর প্রতিবাদ করলেও কোনো কাজ হয়নি।
রিটার্নিং কর্মকর্তা ও জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন প্রথম আলোকে বলেন, ‘যখন যেখান থেকে অভিযোগ পাওয়া গেছে, আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি। একটি কেন্দ্রে কিছু ব্যালট ছিনিয়ে নিয়ে সিল মারার ঘটনায় প্রিসাইডিং কর্মকর্তা ওই কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করেন। এ ছাড়া ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।’
গত ৩০ ডিসেম্বর চৌমুহনী পৌরসভার নির্বাচনে কেন্দ্র দখল, ব্যালট ছিনতাই, বাক্স ভাঙচুর ও পাল্টাপাল্টি হামলার ঘটনায় ২০টি কেন্দ্রের মধ্যে ১০টির ভোট গ্রহণ স্থগিত করা হয়।