খননযন্ত্রটি চট্টগ্রাম বন্দর কিনছে ২০ কোটি টাকায়। আর বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) দরপত্রে যন্ত্রটির দর পড়েছে প্রায় নয় কোটি টাকা।
বিআইডব্লিউটিএর চেয়ে বন্দর এই খননযন্ত্রের আলাদা কিছু যন্ত্রাংশ বাড়তি নিচ্ছে। তার পরও একই ব্যক্তির মালিকানাধীন সরবরাহকারী প্রতিষ্ঠানের একই মডেলের যন্ত্রের দামে এত বেশি পার্থক্য নিয়ে প্রশ্ন উঠেছে।
‘ওয়াটারমাস্টার ক্ল্যাসিক ফোর’ মডেলের খননযন্ত্রটির প্রস্তুতকারক প্রতিষ্ঠান ফিনল্যান্ডের অ্যাকুয়াম্যাক লিমিটেড। গত বছর প্রতিষ্ঠানটির এই খননযন্ত্র ও যন্ত্রাংশের রপ্তানিমূল্য তালিকাতেও এত বেশি দর পাওয়া যায়নি। খননযন্ত্রটির সঙ্গে সহায়ক সব যন্ত্রাংশ যুক্ত করলেও দাম পড়ে প্রায় সোয়া ১০ কোটি টাকা।
বন্দর সূত্রে জানা গেছে, গত বছরের ৬ ডিসেম্বর পত্রিকায় দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশ করে এই যন্ত্র কেনার প্রক্রিয়া শুরু করে বন্দর। এতে চারটি প্রতিষ্ঠান দরপত্রে অংশ নেয়। তিনটি প্রতিষ্ঠান যোগ্য বলে বিবেচিত হয়। কার্যাদেশ দেওয়া হয় ‘সবচেয়ে কম দরদাতা’ মেসার্স মাল্টিটেক সিস্টেমকে, দর নির্ধারিত হয় ২০ কোটি ১০ লাখ ৯০ হাজার টাকা৷ প্রতিষ্ঠানটি ফিনল্যান্ডের অ্যাকুয়াম্যাক লিমিটেডের কাছ থেকে খননযন্ত্রটি সরবরাহ করবে।
বন্দর কর্তৃপক্ষ বলছে, সরবরাহকারী প্রতিষ্ঠান মূল খননযন্ত্রটির পাশাপাশি আলাদাভাবে পাঁচটি যন্ত্রাংশ ও পাইপলাইন সরবরাহ করবে। যন্ত্রটি পরিচালনার জন্য প্রশিক্ষণ দেওয়া হবে এক মাস। বন্দর এই যন্ত্রের নাম দিয়েছে ‘এনভায়রনমেন্ট ক্লিনিং অ্যান্ড রেস্টোরেশন ভেহিক্যাল’। অপরদিকে বিআইডব্লিউটিএর দরপত্রে আহ্বান করেছে ‘কাটার সাকশন ড্রেজার (এম্পিবিয়ান টাইপ)’ শিরোনামে। এ ক্ষেত্রে একই মডেলের যন্ত্রের সঙ্গে তিনটি আলাদা যন্ত্রাংশ যুক্ত রয়েছে।
অ্যাকুয়াম্যাকের গত বছরের রপ্তানিমূল্যের তালিকায় দেখা যায়, এই মডেলের শুধু মূল খননযন্ত্রটির দাম প্রায় পাঁচ কোটি ৮৫ লাখ টাকা। পাঁচটি আলাদা যন্ত্রাংশের (বেকহো, রেক, কাটার পাম্প, পাইলিং বাকেট ও ক্লেমশেল বাকেট) দাম এক কোটি ১৬ লাখ টাকা। পাইপলাইনসহ দাম পড়ে প্রায় সাড়ে সাত কোটি টাকা।
বাংলাদেশে অ্যাকুয়াম্যাকের খননযন্ত্রের সাবেক সরবরাহকারী ঢাকার ইম্পিরিয়ান লিমিটেডকে (২০১১-২০১৩-এর সেপ্টেম্বর পর্যন্ত) পাঠানো কোম্পানিটির (অ্যাকুয়াম্যাক) এই মডেলের যন্ত্র ও যন্ত্রাংশের মূল্যতালিকা থেকে এই দর পাওয়া গেছে।
ইম্পিরিয়ান লিমিটেডের কর্ণধার হাসিবুর রহমান গতকাল প্রথম আলোকে বলেন, ‘বাংলাদেশে স্থানীয় প্রতিনিধি হিসেবে চুক্তিবদ্ধ থাকার সময় অ্যাকুয়াম্যাক কোম্পানি আমাকে এই মডেলের যন্ত্রের বিস্তারিত দর পাঠায়। এক বছরের ব্যবধানে মূল্যতালিকা এতটা পরিবর্তন হয় না।’
বিআইডব্লিউটিএ সূত্রে জানা গেছে, এই সংস্থা চারটি খননযন্ত্র সংগ্রহের দরপত্র আহ্বান করে গত জানুয়ারিতে। গত মার্চে দরপত্র জমা দেয় ১০টি প্রতিষ্ঠান। এরপর সব দরদাতার উপস্থিতিতে কে কত দর দিয়েছে, তা ঘোষণা করা হয়৷ এর মধ্যে অরূপ এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানও অংশ নেয়৷ এই অরূপ এন্টারপ্রাইজ ও বন্দরের জন্য খননযন্ত্র সরবরাহকারী মাল্টিটেক সিস্টেমস লিমিটেড একই ব্যক্তির মালিকানাধীন৷
বিআইডব্লিউটিএর দরপত্রে অরূপ এন্টারপ্রাইজ চারটি ওয়াটারমাস্টার মডেলের খননযন্ত্র সরবরাহে দর দিয়েছে প্রায় সাড়ে ৩৫ কোটি টাকা। অর্থাৎ প্রতিটির দর পড়েছে নয় কোটি টাকার কাছাকাছি। এর পরও সেখানে সর্বনিম্ন দরদাতার তালিকায় ষষ্ঠ অবস্থানে রয়েছে প্রতিষ্ঠানটি। সর্বনিম্ন দর পড়েছে প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা।
একই মডেলের যন্ত্রের দামে এত বেশি পার্থক্যের বিষয়ে জানতে চাইলে মাল্টিটেক সিস্টেমস লিমিটেডের কর্ণধার এন এইচ খান প্রথম আলোকে বলেন, ‘বিআইডব্লিউটিএ’তে বিদেশি মুদ্রায় যন্ত্রটি সরবরাহের দর জমা দেওয়া হয়েছে। সেখানে প্রশিক্ষণ ও বন্দরের মতো আলাদা যন্ত্রাংশ সরবরাহ হবে না। শুল্ক-করও সংস্থাটি পরিশোধ করবে। এ কারণে সেখানে দর কম পড়েছে।’
বন্দরের সদস্য (হারবার ও মেরিন) কমোডর এম শাহজাহান সম্প্রতি প্রথম আলোকে বলেছেন, গণখাতে ক্রয়বিধি অনুযায়ী সর্বনিম্ন দরদাতাকে এই যন্ত্র সরবরাহের জন্য নির্বাচিত করা হয়েছে। এই দর শুধু খননযন্ত্র ও যন্ত্রাংশের দাম নয়; এর মধ্যে শুল্ক-কর, দরদাতার খরচে বিদেশে যন্ত্র পরিদর্শনের খরচও যুক্ত রয়েছে।
বন্দরে খননযন্ত্র কেনার বিষয়টি নিয়ে গত ৩০ এপ্রিল নৌপরিবহন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় আলোচনা হয়। ওই সভায় বন্দর কেন বেশি দামে এই খননযন্ত্র কিনছে, তা নিয়ে কমিটির সদস্যরা ক্ষোভ প্রকাশ করেন। পরে বন্দরের কেনাকাটায় অনিয়ম হয়েছে কি না, তা খতিয়ে দেখতে কমিটির সদস্য সাংসদ এম এ লতিফকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে। জানতে চাইলে সাংসদ এম এ লতিফ প্রথম আলোকে বলেন, ‘বন্দরে সম্প্রতি যত কেনাকাটা হয়েছে, সব বিষয় খতিয়ে দেখা হবে।’