নয় কোটি টাকার পণ্যসহ ডুবল লাইটার জাহাজ
চট্টগ্রাম বন্দরের বহিনোর্ঙরে ঢেউটিন শিল্পের কাঁচামালবোঝাই ‘এমভি সুন্দরবন-১’ নামের একটি ছোট আকারের জাহাজ ডুবে গেছে।
গতকাল শুক্রবার সকালে কর্ণফুলী নদীর বাংলাবাজার ঘাট থেকে ঢাকার নারায়ণগঞ্জে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। জাহাজের ১২ জন নাবিক স্পিডবোট ও অন্য একটি জাহাজে উঠে রক্ষা পান।
ঘটনার বর্ণনা দিয়ে জাহাজের মাস্টার জামাল হোসেন প্রথম আলোকে জানান, ‘কর্ণফুলী নদী থেকে বেরিয়ে কিছুদূর যাওয়ার পর হঠাৎ পর পর দুটি বিশাল ঢেউয়ের মাঝে পড়ে যাই। এ সময় জাহাজের ডেকে পানি উঠে ধীরে ধীরে ডুবতে থাকে। তাৎক্ষণিকভাবে বেতারবার্তার মাধ্যমে বন্দরকে খবরটি জানিয়ে বয়া নিয়ে আমরা ১২ জন সাগরে ঝাঁপ দিই।’
জামাল হোসেন বলেন, ‘এ সময় কাছাকছি থাকা একটি স্পিডবোটের সাহায্যে আটজনকে উদ্ধার করা হয়। কিন্তু সাগর উত্তাল থাকায় এই আটজনকে তীরে না এনে অদূরে একটি বড় জাহাজে তুলে দেন স্পিডবোটের চালক। আমিসহ চারজন প্রায় এক ঘণ্টা বয়ার সাহায্যে ভাসতে থাকি সাগরে। পরে এমভি অলিম্পিক নামে একটি লাইটার জাহাজের মাধ্যমে আমাদের উদ্ধার করা হয়। বড় জাহাজে আশ্রয় নেওয়া অপর আটজনকে নৌবাহিনীর একটি জাহাজের সাহায্যে তীরে নিয়ে আসা হয়। দুর্ঘটনায় পাঁচজন সামান্য আহত হয়েছেন।’
বন্দর কর্মকর্তারা জানান, পতেঙ্গা সৈকত থেকে সাগরের দিকে দেড় নটিক্যাল মাইল দূরে জাহাজডুবির ঘটনা ঘটে। ডুবে যাওয়া জাহাজটি বৃহস্পতিবার বন্দর জেটিতে অবস্থানরত এমভি ভোগে রেনেটে জাহাজ থেকে এক হাজার ৪৯০ টন ‘এইচ আর কয়েল’ বোঝাই করেছিল। ঢাকার অ্যাপোলো ইস্পাত লিমিটেড ঢেউটিন তৈরির জন্য বিদেশ থেকে এসব কাঁচামাল আমদানি করে।
অ্যাপোলো ইস্পাতের পণ্য পরিবহনকারী ঠিকাদার এ এন জে ট্রেডিংয়ে অন্যতম অংশীদার শেখ মোহাম্মদ জাহাঙ্গীর প্রথম আলোকে জানান, ডুবে যাওয়া পণ্যের আনুমানিক দাম প্রায় ৯ থেকে ১০ কোটি টাকা।
দুর্ঘটনার কারণ এখনো শনাক্ত করতে পারেনি বন্দর ও নৌবাণিজ্য অধিদপ্তরের কর্মকর্তারা। নৌবাণিজ্য অধিদপ্তরের মুখ্য কর্মকর্তা শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে পাঁচ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা বলা হয়েছে।
লাইটার জাহাজ পরিচালনাকারী সংস্থা ওয়াটার ট্রান্সপোর্ট সেলের নির্বাহী পরিচালক মাহবুব রশীদ প্রথম আলোকে বলেন, ‘সাগর প্রচণ্ড উত্তাল থাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি।’