নয় কোটি টাকার কাজের শিডিউল কিনতে বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের একটি সাব-স্টেশনে মালামাল সরবরাহের কাজের দরপত্রের শিডিউল কিনতে পারছেন না সাধারণ ঠিকাদারেরা। তাঁরা অভিযোগ করেছেন, বিমানবন্দর এলাকার একটি সিন্ডিকেট নয় কোটি টাকার এই কাজটি ভাগাভাগি করে নিচ্ছেন। তাঁরা কাউকে শিডিউল কিনতে দিচ্ছেন না।সেলিম নামের একজন ঠিকাদার অভিযোগ করেন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের একটি বিদ্যুতের সাব-স্টেশনে কেব্লসহ বিভিন্ন মালামাল সরবরাহের জন্য জুলাই মাসে সংবাদপত্রে বিজ্ঞপ্তি দেওয়া হয়। ৯ আগস্ট শিডিউল জমা দেওয়ার শেষ দিন। বিজ্ঞপ্তিতে বলা হয়, এই শিডিউল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের দুজন সদস্যসহ সাতজন পদস্থ কর্মকর্তার কার্যালয়ে পাওয়া যাবে। পাশাপাশি ঢাকা বিভাগের কমিশনারের কার্যালয় থেকেও শিডিউল কেনা ও জমা দেওয়া যাবে। কিন্তু সাধারণ ঠিকাদারেরা এসব স্থানে গিয়ে দেখেন, সেখানে শিডিউল নেই। বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে নয়জন ঠিকাদারকে লিখিতভাবে বলা হয়েছে, কমিশনারের কার্যালয় থেকে শিডিউল সরবরাহ করা সম্ভব নয়।কয়েকজন ঠিকাদার অভিযোগ করেছেন, এর আগেও বিমানবন্দর এলাকায় বিভিন্ন ঠিকাদারি কাজের শিডিউল সাধারণ ঠিকাদারেরা কিনতে পারেননি। বেশির ভাগ কাজই সমঝোতার ভিত্তিতে বণ্টন করা হয়েছে। আরেকজন ঠিকাদার অভিযোগ করেন, গত বৃহস্পতিবার তিনি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রধান কার্যালয়ে শিডিউল কিনতে গেলে একদল লোক তাঁকে ঘেরাও করে বাধা দেয়। নয় কোটি টাকার কাজ সমঝোতার ভিত্তিতে বিতরণ করা হবে বলে জানিয়ে দেওয়া হয়। ওই ঠিকাদার অভিযোগ করেন, এতে নেতৃত্ব দিচ্ছেন উত্তরা থানা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন। তাঁর সঙ্গে আছেন শাহজাহান, আবুল কালামসহ কয়েকজন ঠিকাদার। তাঁরাই সাধারণ ঠিকাদারদের দরপত্রের শিডিউল কিনতে দিচ্ছেন না। তাঁরা সমঝোতার ভিত্তিতে কাজটি ভাগাভাগির তৎপরতা শুরু করেছেন। এ নিয়ে একজন ঠিকাদার বিমানবন্দর থানায় অভিযোগও করেন। তোফাজ্জল হোসেন এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, তিনি আওয়ামী লীগ নেতার পাশাপাশি ঠিকাদার কল্যাণ সমিতিরও সভাপতি। তিনি যা করছেন সবার ভালোর জন্যই করছেন। কাউকে শিডিউল কিনতে বাধা দেওয়া হয়নি দাবি করে তিনি বলেন, এ কাজের জন্য এখন পর্যন্ত ২৪টি শিডিউল বিক্রি হয়েছে।এ ব্যাপারে জানতে চাইলে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী হারুনুর রশিদ ভূঁইয়া প্রথম আলোকে বলেন, সংবাদপত্রে ঘোষিত সব স্থানে শিডিউল বিক্রি করা হচ্ছে। বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিক্রি না হওয়ার কথা স্বীকার করে তিনি বলেন, যে লোকটি সেখানে শিডিউল বিক্রির জন্য গিয়েছিল, সে মার খেয়ে ফিরে এসেছে। কেউ অভিযোগ করলে তিনি ব্যবস্থা নেবেন বলে জানান।