রংপুরের তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের কুঠিয়ালপাড়া-মেনানগর কাঁচা রাস্তায় কাদার সৃষ্টি হয়েছে। এতে চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে নয়টি গ্রামের মানুষকে।
মেনানগর গ্রামের স্কুলশিক্ষক অজিত চন্দ্র (৩৫) বলেন, ‘আমার বাড়ি থেকে তারাগঞ্জ উপজেলা সদরের দূরত্ব নয় কিলোমিটার। কিন্তু রাস্তায় পানি জমে কাদা হওয়ায় ১২ কিলোমিটার ঘুরে সেখানে যাতায়াত করতে হচ্ছে।’
সরেজমিনে দেখা গেছে, উপজেলা সদর থেকে আট কিলোমিটার উত্তর-দক্ষিণে কুঠিয়ালপাড়া-মেনানগর কাঁচা রাস্তাটি অবস্থিত। এটি মেনানগর থেকে কুঠিয়ালপাড়া পর্যন্ত প্রায় তিন কিলোমিটার। এই রাস্তাটির দুই পাশে নয়টি গ্রাম ও দুটি শিক্ষাপ্রতিষ্ঠান আছে। মেনানগর গ্রাম এলাকায় এই রাস্তার এক কিলোমিটার বেশ নিচু। রাস্তার খায়রুলের বাড়ি থেকে কোরানিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পর্যন্ত এক কিলোমিটার অংশে বিভিন্ন স্থানে কাদাপানি জমে আছে।
এলাকাবাসী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, নয়টি গ্রামের প্রায় ১৩ হাজার মানুষ রাস্তাটি দিয়ে চলাচল করে। পানিনিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই রাস্তার নিচু এলাকায় পানি জমে। শুকনো মৌসুমে ধুলাবালু আর বর্ষায় কাদা-পানির কারণে এই রাস্তা দিয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীসহ পথচারীদের চলাচলে সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়।
কুটিয়ালপাড়া গ্রামের কৃষক মনির উদ্দিন বলেন, ‘আস্তাটা খিব নিচা। পানি হইলে ডুবি যায়।’ কোরানিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মলিনা খাতুন বলে, ‘কাদা আর পানির কারণে ওই রাস্তা দিয়ে স্কুলে যাইতে পারি না।’
খিয়ারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুল ইসলাম জানান, রাস্তার ওই এক কিলোমিটার অংশ পার হওয়া যে কত কষ্ট, তা কেবল পথচারীরাই জানেন। বেশির ভাগ সময় জামাকাপড়ে কাদা মেখে যায়। বিদ্যালয় কিংবা অফিসগামী লোকজনকে প্রায়ই বিড়ম্বনায় পড়তে হয়।
ডাঙ্গাপাড়া গ্রামের গৃহিণী সাহেবা খাতুন বলেন, ‘ভোটের সমায় চেয়ারম্যান-মেম্বার-এমপি সবায় কতা দেছলো আস্তাটা উঁচা করি পাকা বানে দেবে। এলা কায়ো ধরা দেওচে না।’
হাড়িয়ারকুঠি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবু হোসেন জানান, ওই রাস্তাটুকুতে এর আগে মাটি দেওয়া হয়েছে, তাতে কাজ হয়নি। পানিনিষ্কাশনের জন্য সেখানে নালার প্রয়োজন। বিষয়টি ইউপি চেয়ারম্যানকে জানানো হয়েছে।
ইউপি চেয়ারম্যান কুমারেশ রায় বলেন, ‘রাস্তাটির সমস্যার কথা আমার জানা আছে। এবার বরাদ্দ পেলে সমস্যা সমাধানের ব্যবস্থা করা হবে।’
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী জাহিদ হোসেন জানান, এই রাস্তাটির মতো কয়েকটি রাস্তা আছে। বরাদ্দ পেলে পর্যায়ক্রমে এগুলো পাকা করা হবে। তবে এই মুহুর্তে আমাদের কাছে কোন তহবিল নেই।