নয় ঘণ্টা পর রেল চলাচল শুরু
প্রায় নয় ঘণ্টা পর রাজধানী ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল চলাচল শুরু হয়েছে। আজ শুক্রবার বেলা আড়াইটার দিকে পাবনার চাটমোহর রেলস্টেশনের কাছে দিনাজপুর থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়। তখন থেকে উত্তরাঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
চাটমোহর স্টেশন মাস্টার এস এম রফিকুল জানান, আজ দিনাজপুর থেকে দ্রুতযান এক্সপ্রেসের ট্রেনটি যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেয়। পথে পাবনার ঈশ্বরদী বাইপাস স্টেশনে বিরতির পর ট্রেনটি আবার ছাড়ে। কিন্তু কিছু দূর যাওয়ার পর চাটমোহর স্টেশনের কাছে ১৭ নম্বর গেটে ট্রেনটির চারটি বগি লাইনচ্যুত হয়। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কেউ আহত হয়নি। বগি লাইনচ্যুত হওয়ায় রেললাইনের কিছু অংশও ভেঙে যায়। পরে দীর্ঘ নয়টা ঘণ্টা চেষ্টা চালিয়ে ওই বগিগুলো উদ্ধার ও রেললাইন মেরামত করা হয়। রাত পৌনে এগারোটার দিকে ওই পথ দিয়ে রেল চলাচল শুরু হয়। দুর্ঘটনাকবলিত ট্রেনটি আবার দিনাজপুরে পাঠিয়ে দেওয়া হয়েছে। আর ওই ট্রেনের যাত্রীরা অন্য ট্রেন হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন।