নয় ঘণ্টা শিথিলের পর আবার কারফিউ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কারফিউ তুলে নেওয়ার পরও রাস্তায় লোকজন চলাচল ছিল না। রাঙামাটি শহরের রানী দয়াময়ী স্কুল এলাকা থেকে গতকাল বেলা পৌনে একটায় তোলা ছবি l সুপ্রিয় চাকমা
কারফিউ তুলে নেওয়ার পরও রাস্তায় লোকজন চলাচল ছিল না। রাঙামাটি শহরের রানী দয়াময়ী স্কুল এলাকা থেকে গতকাল বেলা পৌনে একটায় তোলা ছবি l সুপ্রিয় চাকমা

নয় ঘণ্টা শিথিল থাকার পর গতকাল সোমবার বিকেল পাঁচটা থেকে রাঙামাটি শহরে আবারও কারফিউ (সান্ধ্য আইন) জারি করেছে জেলা প্রশাসন। আজ মঙ্গলবার সকাল সাতটা পর্যন্ত তা বলবৎ থাকবে।
সকাল আটটার পর কারফিউ না থাকলেও ১৪৪ ধারা বহাল ছিল। দিনভর শহরজুড়ে ছিল থমথমে পরিস্থিতি। মোটরসাইকেল ছাড়া অন্য কোনো যানবাহন চলেনি। খোলেনি দোকানপাট। রাস্তা ছিল ফাঁকা। জরুরি প্রয়োজনে যাঁরা ঘর ছেড়ে বেরিয়েছেন, তাঁদেরও চোখে-মুখে ছিল আতঙ্ক।
গুরুত্বপূর্ণ স্থাপনাসহ শহরের বিভিন্ন মোড়ে পুলিশের সদস্যদের অবস্থান নিতে দেখা গেছে। মূল সড়কে টহল দিয়েছে সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জেলা প্রশাসন, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ ও জেলা পরিষদের মূল ফটক বন্ধ ছিল। খোলেনি শিক্ষাপ্রতিষ্ঠান। ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানসহ অধিকাংশ প্রতিষ্ঠান বন্ধ ছিল।
রাঙামাটি জেলা প্রশাসক মো. শামসুল আরেফিন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পরিবেশ শান্ত হয়ে এলে সান্ধ্য আইন প্রত্যাহার করা হবে।
গত রোববার সন্ধ্যা সাড়ে সাতটা থেকে গতকাল সকাল আটটা পর্যন্ত চলা কারফিউতে নতুন করে কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি। রাঙামাটি পুলিশ সুপার আবুল কালাম আজাদ জানিয়েছেন, কারফিউ ভঙ্গের কারণে ৩৫ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় তিনটি মামলা হয়েছে।
রোববারের সহিংসতায় আহত ব্যক্তিদের মধ্যে সাতজনকে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত একজন পুলিশ সদস্যকে চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ন্যূয়েন খীসা।
গত শনিবার রাঙামাটি মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম শুরু করা নিয়ে ছাত্রলীগ, যুবলীগসহ কয়েকটি স্থানীয় বাঙালি সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে সন্তু লারমা-সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের সংঘর্ষ হয়। এ ঘটনার পর ওই দিন বেলা সাড়ে ১১টায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন। রোববার সন্ধ্যায় আবারও সহিংসতা শুরু হলে প্রধানমন্ত্রীর অনুমতি নিয়ে রাঙামাটি জেলা প্রশাসক মো. শামসুল আরেফিন রাঙামাটি পৌরসভায় সান্ধ্য আইন জারি করেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত রোববার বনরূপা বাজার এলাকায় সংঘর্ষের সময় আদিবাসীদের মালিকানাধীন একটি ভবনের ওয়ান ব্যাংক ও ইউনাইটেড লিজিং কোম্পানির কার্যালয় ভাঙচুর করা হয়। শহরতিলর ভেদভেদি এলাকায় বাঙালিদের তিনটি দোকানে আগুন দেওয়া হয়। কোতোয়ালি থানার পাশে তবলছড়ি এলাকার আর্ট কাউন্সিল কলোনিতে আদিবাসীদের বাড়িতে হামলা চালানো হয়।
দোকানে নিত্যপণ্যের সংকট: সহিংসতার কারণে বনরূপা এলাকায় দুই দিন ধরে কাঁচাবাজারসহ সব দোকানপাট বন্ধ রয়েছে। কারফিউ তুলে নেওয়ার পর বিভিন্ন পাড়া-মহল্লার লোকজন এলাকার ছোট ছোট দোকানে ভিড় জমায়। টানা অবরোধ এবং শনিবার থেকে রাঙামাটিতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় শহরের বড় বড় পাইকারি দোকান বন্ধ রয়েছে। এ অবস্থায় পেঁয়াজ, রসুন, ডিম, তেল, লবণসহ নিত্যপণ্য সরবরাহ নেই বলে দোকানিরা জানান।
হাসপাতাল সড়কের বাসিন্দা ঊসাচিং মারমা বলেন, পরপর দুই দিন সহিংসতার কারণে বাজারে কাঁচা তরিতরকারি এবং নিত্যপণ্য পাওয়া যাচ্ছে না।