নয় চিকিৎসকের বেতন-ভাতা স্থগিত রাখার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্মস্থলে অনুপস্থিত থাকায় বাকেরগঞ্জ, বানারীপাড়া ও বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নয়জন চিকিৎসককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁদের বেতন-ভাতা স্থগিত রাখারও নির্দেশ দিয়েছে জেলা সিভিল সার্জনের কার্যালয়। স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক গত ২৪ ও ২৫ ফেব্রুয়ারি বানারীপাড়া ও বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। এ সময় ছয়জন চিকিৎসক কর্মস্থলে উপস্থিত ছিলেন না। অন্যদিকে ২৭ ফেব্রুয়ারি জেলা সিভিল সার্জন বাবুগঞ্জ উপজেলার কয়েকটি স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনে গেলে সেখানেও তিনজন চিকিৎসককে অনুপস্থিত পান। অভিযুক্ত নয়জন চিকিৎসক হলেন: বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের নজরুল ইসলাম ও মনিরুজ্জামান, বানারীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের আফরোজা হোসাইন, রোকসানা আক্তার, আশুতোষ গৌতম ও তাহমিনা মহসিন এবং বাবুগঞ্জের মোহনগঞ্জ স্বাস্থ্যকেন্দ্রের মৃদুলা কর, রহমতপুর স্বাস্থ্যকেন্দ্রের কাজী ফারহানা আহম্মেদ ও আটিপাড়া স্বাস্থ্যকেন্দ্রের শিরিন সাবিহা। জেলা সিভিল সার্জন এ টি এম মিজানুর রহমান বলেন, মন্ত্রণালয়ের নির্দেশের পরিপ্রেক্ষিতে বানারীপাড়া ও বাকেরগঞ্জের ছয়জন চিকিৎসক এবং জেলা সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে বাবুগঞ্জের তিনজন চিকিৎসকের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।