সরকারি ১০টি চিনিকলের অপরিশোধিত তরল বর্জ্যে মারাত্মকভাবে দূষিত হচ্ছে উত্তরাঞ্চলের প্রধান নদ-নদী ও নদ-নদীসংলগ্ন খাল। ৬৪ বছর ধরে চিনিকলগুলো নদী দূষণ করে আসছে।
এই দূষণ রোধে ২০১২ সালের মধ্যে প্রতিটি চিনিকলে তরল বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) স্থাপনের সময়সীমা বেঁধে দেওয়া হয়। একটি বাদে কোনো চিনিকলেই ওই সময়সীমার মধ্যে ইটিপি স্থাপন করা হয়নি। এরপর পরিবেশ অধিদপ্তর ২০১৫ সালের ৩০ জুন চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছে। শুধু নাটোর চিনিকলে ইটিপি স্থাপন করা হলেও কারিগরি ত্রুটির কারণে বর্তমানে তা বন্ধ রয়েছে।
পরিবেশ অধিদপ্তরের বগুড়া বিভাগীয় কার্যালয়ের পরিচালক আলী রেজা মজিদ বলেন, রাজশাহী ও রংপুর বিভাগে ১০টি চিনিকল রয়েছে। এর মধ্যে নয়টিতেই ইটিপি নেই। একটি চিনিকলে ইটিপি স্থাপন করা হলেও বর্তমানে সেটি কার্যকর নেই। এ কারণে ১০টি চিনিকলের তরল বর্জ্যে উত্তরাঞ্চলের প্রধান নদ-নদীগুলো মারাত্মক হারে দূষিত হচ্ছে। এসব চিনিকলে ২০১২ সালের মধ্যে ইটিপি স্থাপনের জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়। ওই সময়সীমার মধ্যে ইটিপি স্থাপনে ব্যর্থ হওয়ায় আগামী বছরের জুন পর্যন্ত আবারও সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।
পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয় থেকে জানা গেছে, ৫০-এর দশকে তৎ কালীন পূর্ব পাকিস্তানে ১৭টি চিনিকল স্থাপন করা হয়। এর মধ্যে নয়টি স্থাপন করা হয় উত্তরাঞ্চলে। সেগুলো হলো জয়পুরহাট, নাটোর, নর্থবেঙ্গল, রাজশাহী, রংপুর, রংপুরের শ্যামপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও ও সেতাবগঞ্জ চিনিকল। ১৯৯২ সালে স্থাপন করা হয় পাবনা চিনিকল।
অধিদপ্তর সূত্র জানায়, উত্তরাঞ্চলের ১০টি চিনিকলে মাড়াই মৌসুমে প্রতিদিন ২১ হাজার ৪০৫ ঘনমিটার তরল বর্জ্য নির্গত হয়। এসব বর্জ্যে পদ্মা, যমুনা, করতোয়া, শোক, টাঙ্গন, বাঙ্গালী, তুলশীগঙ্গা, নারদ এবং ইছামতী—উত্তরাঞ্চলের এই প্রধান নদ-নদী ও সংলগ্ন খাল মারাত্মকভাবে দূষিত হচ্ছে।
দূষণের প্রতিবাদে চিনিকলগুলো-সংলগ্ন এলাকার বাসিন্দা ও পরিবেশবাদী সংগঠনগুলো সোচ্চার হলে ইটিপি স্থাপনের জন্য ২০০৮ সালের ১৮ আগস্ট পরিবেশ অধিদপ্তর, শিল্প মন্ত্রণালয়, বন ও পরিবেশ মন্ত্রণালয় এবং বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের (বিএসএফআইসি) সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় ২০১০ সালের জুনের মধ্যে নাটোর, নর্থবেঙ্গল ও পাবনা চিনিকলে, ২০১১ সালের জুনের মধ্যে রাজশাহী এবং ২০১২ সালের জুনের মধ্যে জয়পুরহাট, শ্যামপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, সেতাবগঞ্জ এবং রংপুর চিনিকলে ইটিপি স্থাপনের সিদ্ধান্ত হয়। ওই সময়ের মধ্যে শুধু নাটোর চিনিকলে ইটিপি স্থাপন করা হলেও কারিগরি ত্রুটির কারণে বর্তমানে তা বন্ধ রয়েছে।
চলতি মাড়াই মৌসুমে জয়পুরহাট চিনিকলের তরল বর্জ্যে তুলশীগঙ্গা, ছোট যমুনা ও আত্রাই নদী আশঙ্কাজনক হারে দূষিত হচ্ছে। এর প্রতিবাদে পরিবেশবাদী সংগঠনগুলো নওগাঁয় আন্দোলন করছে।
সম্প্রতি পঞ্চগড়ে করতোয়া নদীর পানির মাছ মারা যেতে শুরু করায় জেলা প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করে। পৌর এলাকার এশিয়া ডিস্টিলারিজ ও পঞ্চগড় চিনিকলের তরল বর্জ্যের কারণে পানি বিষাক্ত হয়ে মাছ মারা যেতে শুরু করেছে বলে অভিযোগ ওঠে। মৎ স্য বিভাগের অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন তদন্ত কমিটি গঠন করে। এ ছাড়া করতোয়া দূষণের প্রতিবাদে বগুড়ায় পরিবেশবাদী ও নাগরিক সংগঠনগুলো পানি দিবস সামনে রেখে মানববন্ধন করে।
জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আবদুস সালাম বলেন, চিনিকলে ইটিপি স্থাপনের জন্য বিএসএফআইসি থেকে অনুমোদন দেওয়া হয়েছে। এর জন্য গত অর্থবছরে দরপত্রও আহ্বান করা হয়। কিন্তু ইটিপি স্থাপনের জন্য অভিজ্ঞ ঠিকাদার পাওয়া যায়নি। তবে ইটিপি স্থাপনের বিষয়টি প্রক্রিয়াধীন।