নয় ছাত্রের শাস্তি প্রত্যাহারের দাবি ছাত্রলীগের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ তাদের নয় নেতা-কর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহার ও উপাচার্যের অপসারণের দাবি জানিয়েছে। ১০ দিনের মধ্যে দাবি মানা না হলে ক্যাম্পাসে লাগাতার ধর্মঘট ডাকা হবে বলে হুমকি দেন তাঁরা। গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতারা এ হুমকি দেন।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আহ্বায়ক ও বহিষ্কৃত শিক্ষার্থী কমলকান্তি মজুমদার। লিখিত বক্তব্যে বলা হয়, ১০ দিনের মধ্যে ছাত্রদের শাস্তি প্রত্যাহার ও উপাচার্য অধ্যাপক নিতীশচন্দ্র দেবনাথকে অপসারণ করা না হলে ধর্মঘটসহ লাগাতার কর্মসূচি ঘোষণা করা হবে।গত ২৮ আগস্ট বিশ্ববিদ্যালয়ের একটি অনুষদের পরিচালককে লাঞ্ছিত করার অভিযোগে শৃঙ্খলা কমিটির সিদ্ধান্তে কমলকান্তিসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের নয় ছাত্রকে বহিষ্কারসহ বিভিন্ন শাস্তি দেওয়া হয়। এরপর ছাত্রলীগের নেতা-কর্মীরা ক্যাম্পাসের সব প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন। এ অবস্থায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ১ সেপ্টেম্বর থেকে ঈদের ছুটি ঘোষণা করে। আজ শনিবার প্রশাসনিক কার্যালয় খুললেও ক্লাস-পরীক্ষা শুরু হবে ২৮ সেপ্টেম্বর থেকে।