নয় জেলায় আরও ৭৫ জন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের অনির্দিষ্টকালের অবরোধের মধ্যে দেশের বিভিন্ন স্থানে আটক ও গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে। গত বুধবার রাত থেকে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত নয়টি জেলা থেকে ৭৫ জনকে আটক করেছে পুলিশ ও যৌথ বাহিনী। প্রথম আলোর প্রতিনিধিরা বিস্তারিত জানিয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে পৌর এলাকার টার্মিনাল থেকে পাঁচটি পেট্রলবোমা, ১০টি ককটেলসহ তাঁকে গ্রেপ্তারের কথা পুলিশ দাবি করেছে। সাইদুর রহমান জামায়াতের সহযোগী সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা শাখার শীর্ষ নেতা।
মৌলভীবাজারে ২০-দলীয় জোটের তিন নেতা-কর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে। বুধবার রাতে শহরের চৌমোহনা এলাকা থেকে জামায়াতে ইসলামী মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়ন শাখার সভাপতি সেলিম খান (৪২) এবং পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সম্পাদক আখলাছ আহমদকে (২৯) গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা ও গাড়ি পোড়ানোর অভিযোগ রয়েছে।
সাতক্ষীরায় বিএনপি-জামায়াতের চার নেতা-কর্মীসহ ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে আছেন জেলা কৃষক দলের সহসভাপতি ও ভোমরা ইউপির চেয়ারম্যান আসাদুজ্জামান।
সিরাজগঞ্জের শাহজাদপুরে যৌথ বাহিনীর অভিযানে ইউপি চেয়ারম্যান ও বিএনপির নেতাসহ ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে উপজেলার পোরজনা ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেন ওরফে চাঁদ বাবু এবং পোতাজিয়া ইউপির চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রয়েছেন।
গাইবান্ধায় বিএনপি ও জামায়াত-শিবিরের ১৩ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এর মধ্যে বিএনপির পাঁচজন ও জামায়াত-শিবিরের আটজন।
বগুড়ার শেরপুরে নাশকতার মামলায় উপজেলার মির্জাপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক মামুন শেখ (২৭) ও গাড়িদহ ইউনিয়ন জামায়াতের কর্মী নজরুল ইসলামকে (৫০) আটক করেছে পুলিশ। গতকাল ভোরে তাঁদের নিজ বাড়ি থেকে পুলিশ আটক করে।
রাজশাহীর চারঘাটে নাশকতার মামলায় পৌরসভা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোতালেব হোসেনকে (২৯) গ্রেপ্তার করেছে থানার পুলিশ। গতকাল দুপুরে উপজেলার চারঘাট-বাঘা সড়কের লিলি সিনেমা হলের কাছ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
নারায়ণগঞ্জে বাসে আগুন ধরানোর ঘটনায় রাজীব নামের এক শিবির কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বিকেলে শহরের কালীরবাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি সদর উপজেলার ফতুল্লার শাসনগাঁও এলাকায়।
লালমনিরহাটের পাটগ্রামের জুম্মারপাড় এলাকায় বুধবার রাতে একটি ট্রাকে ভাঙচুরের ঘটনায় পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে।