
কয়েক দিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নয়টি জেলার লাখো মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ খাওয়ার পানির তীব্র সংকট। এর মধ্যে কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় পানিতে ডুবে এক শিশু ও সাপের কামড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
বন্যাকবলিত জেলাগুলো হলো কুড়িগ্রাম, লালমনিরহাট, বগুড়া, শেরপুর, রংপুর, সিলেট, গাইবান্ধা, সিরাজগঞ্জ ও ফেনী। এসব জেলার বিস্তীর্ণ নিচু এলাকা প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে হাজারো হেক্টর জমির আমনের ফসল। সব মিলিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
কুড়িগ্রাম: ১৬টি নদ-নদীর পানি বেড়েই চলেছে। ধরলা নদীর পানি বিপৎসীমার ২৪ মিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গতকাল সন্ধ্যায় এই প্রতিবেদন তৈরির সময় পর্যন্ত চার শতাধিক চরসহ ৭৩টি ইউনিয়ন, তিনটি পৌরসভার নিচু এলাকা বন্যার পানিতে নিমজ্জিত ছিল। সেখানে পানিবন্দী হয়ে পড়েছে এক লাখেরও বেশি মানুষ।
রাজারহাট উপজেলায় গতকাল সকালে পানিতে ডুবে সাদিয়া (৪) নামের এক শিশু ও সাপের কামড়ে শাহিন (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। উলিপুরের বজরা এলাকায় একটি প্রাথমিক বিদ্যালয় ও দুটি মসজিদ তিস্তা নদীর ভাঙনে বিলীন হয়ে গেছে। এ ছাড়া পানিতে তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকার রাস্তাঘাট, আমন ও সবজিখেত। ভেসে গেছে কয়েক শ পুকুরের মাছ। রৌমারী সদর ইউনিয়নে ২০ থেকে ২৫টি ঘরবাড়ি ধরলা নদীর গর্ভে বিলীন হয়েছে।
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, ধরলা এখানে বিপৎসীমার ২৪ মিটার ওপর দিয়ে বইছে। তিস্তা নদী ও দুধকুমার নদের পানি বিপৎসীমার সামান্য নিচে ছিল।
জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন জানান, বন্যার্তদের সহায়তা দিতে নিয়ন্ত্রণকক্ষ খোলা হয়েছে। এ ছাড়া নয়টি উপজেলার নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) ক্ষয়ক্ষতির তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।
লালমনিরহাট: নদ-নদীর পানি বেড়ে জেলার নিচু এলাকার প্রায় আট হাজার হেক্টর জমির রোপা আমন তলিয়ে গেছে। পানিবন্দী ৩৪ হাজার পরিবার। প্রবল স্রোতে সদর উপজেলার ইটাপোতা গ্রামের ধরলা বাঁধের ৪০০ ফুট এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান বলেন, অবিরাম বর্ষণে পানি বেড়ে নদীর তীরবর্তী নিম্নাঞ্চলের ৩৪ হাজার ২৪৮টি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। এসব পরিবারকে জরুরি ভিত্তিতে বিতরণের জন্য ইতিমধ্যে জিআরের ৬৩ মেট্রিক টন চাল এবং চিড়া, গুড়সহ অন্যান্য শুকনো খাবার কেনার জন্য দুই লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. সাফায়েত হোসেন বলেন, ধরলা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে এবং তিস্তার পানি বিপৎসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গতকাল সকাল ছয়টায় জেলায় গড় বৃষ্টিপাতের পরিমাণ ছিল ১২২ মিলিমিটার, শুক্রবার ছিল ১৮৯ মিলিমিটার এবং বৃহস্পতিবার সকাল ছয়টায় ছিল ৫৫ মিলিমিটার।
রংপুর: গঙ্গাচড়া ও কাউনিয়া উপজেলার ১৭ গ্রামে বন্যা দেখা দিয়েছে। তিস্তা নদীতীরবর্তী ও চরাঞ্চলের অন্তত ছয় হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাটই খুলে দেওয়া হয়েছে।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ডালিয়া ডিভিশনে বন্যানিয়ন্ত্রণ ও পূর্বাভাস কেন্দ্রের কর্মকর্তা নূরুল ইসলাম বলেন, শুক্রবার তিস্তা নদীর পানি বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। গতকাল সকাল ১০টার দিকে বিপৎসীমার ৪০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। তবে তিন দিনের অবিরাম বর্ষণ ও উজান থেকে ঢল নেমে আসায় ভাটি এলাকায় পানি বেড়েছে।
গাইবান্ধা: চারটি উপজেলার ১৩টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। এসব ইউনিয়নের রোপা আমন তলিয়ে গেছে। তিস্তা, ব্রহ্মপুত্র ও যমুনা নদ-নদীর তীরে অবস্থিত এসব ইউনিয়নের প্রায় ৪০ হাজার মানুষ পানিবন্দী। অনেকে বন্যানিয়ন্ত্রণ বাঁধ ও সরকারি জায়গায় আশ্রয় নিয়েছে। গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ড সূত্রে এসব তথ্য জানা গেছে।
গতকাল ব্রহ্মপুত্র নদের পানি ফুলছড়ি পয়েন্টে বিপৎসীমা ছুঁই ছুঁই করছিল। এ ছাড়া যমুনা, তিস্তা, করতোয়া ও ঘাঘট নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত আছে। গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্রের পানি ফুলছড়িতে ৭৪ সেন্টিমিটার, ঘাঘট নদের পানি গাইবান্ধা শহরের কোমরনই পয়েন্টে ৪২ সেন্টিমিটার, করতোয়ার পানি গোবিন্দগঞ্জ উপজেলার কাটাখালী পয়েন্টে ৪১ সেন্টিমিটার এবং তিস্তার পানি হরিপুর পয়েন্টে ৬০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। গতকাল জেলায় ৩৩ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
গত তিন দিনে ব্রহ্মপুত্র নদের ভাঙনে ফুলছড়ি উপজেলার সিংরিয়া, রতনপুর, গণকবর, সদর উপজেলার খারজানি ও সাঘাটা উপজেলার গোবিন্দপুর গ্রামের অর্ধশতাধিক ঘরবাড়ি বিলীন হয়ে গেছে। ভাঙনের মুখে রয়েছে গোবিন্দপুর সরকারি প্রাথমিক ও উচ্চবিদ্যালয় এবং দাখিল মাদ্রাসা ভবন।
গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবদুল আউয়াল মিয়া বলেন, সিংরিয়া, রতনপুর, গণকবরসহ মোট পাঁচটি এলাকায় ভাঙন রোধে জরুরি প্রতিরক্ষা কাজের জন্য পাঁচ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে। ভাঙন প্রতিরোধে কাজ চলছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. হাবিবুর রহমান বলেন, সুন্দরগঞ্জ ও ফুলছড়ি উপজেলার বন্যার্তদের জন্য ১০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
সিরাজগঞ্জ: জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। গত শুক্রবার সন্ধ্যা ছয়টা থেকে গতকাল সকাল পর্যন্ত যমুনা নদীর পানি ৬৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। জেলার কমপক্ষে ৫০টি গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে। জেলা প্রশাসক মো. বিল্লাল হোসেন বলেন, ‘বন্যা পরিস্থিতি মোকাবিলায় আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে।’
শেরপুর: ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী নয়টি ইউনিয়নের ৫০টিরও বেশি গ্রাম প্লাবিত হয়েছে। পাঁচ হাজার হেক্টর জমির সদ্য রোপণ করা আমন ধান তলিয়ে গেছে। এসব গ্রামের বিপুলসংখ্যক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।
গতকাল বিকেলে ঝিনাইগাতীর ধানশাইল ইউনিয়নের বন্যাকবলিত ৮০০ মানুষের মধ্যে উপজেলা যুবলীগের উদ্যোগে ও স্থানীয় সাংসদ এ কে এম ফজলুল হকের আর্থিক সহযোগিতায় শুকনা খাবার, খাওয়ার স্যালাইন ও পানি বিশুদ্ধকরণ বড়ি বিতরণ করা হয়।
ফেনী: পরশুরাম ও ফুলগাজী উপজেলায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। এরপরও দুই উপজেলার ২৭টি গ্রামের বাসিন্দারা এখনো পানিবন্দী। প্রশাসনের পক্ষ থেকে পানিবন্দী মানুষের মধ্যে গতকাল চালসহ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। ফেনীর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রমজান আলী প্রামাণিক বলেন, শুক্রবার মহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হয় এবং ক্রমেই বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ এনামুল হক বলেন, পরশুরাম উপজেলার বন্যাদুর্গত মানুষের জন্য ১২ মেট্রিক টন এবং ফুলগাজী উপজেলার জন্য ১০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়ার পর তা বিতরণ শুরু হয়েছে।
সিলেট: গতকাল বৃষ্টি না হওয়ায় সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বন্যার পানি কমছে। তবে উপজেলার সঙ্গে জেলা সদরের দুই সড়কপথে সরাসরি যানবাহন চলাচল স্বাভাবিক হয়নি। গত বুধবার পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে গোয়াইনঘাটে বন্যা দেখা দেয়। অপেক্ষাকৃত ভাটি ডৌবাড়ী, লেঙ্গুড়া, তোয়াকুল ও নন্দীরগাঁও ইউনিয়ন এলকায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে।
বগুড়া: সারিয়াকান্দিতে গতকাল সন্ধ্যায় যমুনা নদীর পানি বিপৎসীমার ২৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। উপজেলার চারটি ইউনিয়নের কয়েক শ মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। বন্যার পানি ঢুকে পড়ায় উপজেলার ৪৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল পাঠদান বন্ধ ছিল। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. খোরশেদ আলম বলেন, বন্যার্তদের জন্য ১০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
বাঘাইছড়ি (রাঙামাটি): বাঘাইছড়ি উপজেলায় বর্ষণ ও পাহাড়ি ঢলের পানি কমতে শুরু করেছে। পানি কমে যাওয়ার সঙ্গে সঙ্গে গতকাল সকাল থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আশ্রয় নেওয়া পরিবারগুলো ফিরতে শুরু করেছে বলে জানা গেছে। ১০ থেকে ১৫টি গ্রামীণ সড়ক এখনো হাঁটু থেকে কোমর পর্যন্ত পানির নিচে রয়েছে।
[প্রতিবেদনটি তৈরিতে সহযোগিতা দিয়েছেন সংশ্লিষ্ট এলাকার নিজস্ব প্রতিবেদক, অফিস ও প্রতিনিধিরা]