নয় দফা দাবিতে ছাত্রীদের মানববন্ধন ও সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নয় দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছেন নোয়াখালী সরকারি কলেজের শহীদ মুক্তিযোদ্ধা আবদুল অদুদ ছাত্রীনিবাসের ছাত্রীরা। গতকাল রোববার বেলা একটা থেকে দেড়টা পর্যন্ত নোয়াখালী প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা একটার দিকে ছাত্রীনিবাসের ছাত্রীরা ক্যাম্পাস থেকে প্রেসক্লাবের সামনে জড়ো হন। এরপর সেখানে শিক্ষার্থীরা নয় দফা দাবিতে মানববন্ধন করেন। এ সময় শিক্ষার্থীরা তাঁদের দাবি-দাওয়াসংবলিত ব্যানার ও ফেস্টুন বহন করেন।
নয় দফা দাবি হলো: এক. বিবাহিত ছাত্রীদের সিট বহাল রাখতে হবে। দুই. বাবুর্চির বহিষ্কার চাই। তিন. হোস্টেল সুপার ও সহকারী হোস্টেল সুপার নারী হতে হবে। চার. সিট রেন্ট তিন হাজার ২০০ টাকা থেকে কমিয়ে দুই হাজার টাকা করতে হবে। পাঁচ. সিঁড়ির গোড়ায় কলাপসিবল গেট স্থাপন করতে হবে। ছয়. ইচ্ছানুযায়ী নিয়মনীতি তৈরি ও বাতিল করা চলবে না। সাত. প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা রাখতে হবে। আট. পানি সংকট নিরসন চাই। নয়. গেস্টরুম, লাইব্রেরি ও পত্রিকা পড়ার উপযুক্ত ও স্বাস্থ্যসমঞ্চত কক্ষ চাই।
আন্দোলনরত ছাত্রীরা অভিযোগ করেন, ছাত্রীনিবাসের বাবুর্চি আবুল কালাম প্রায়ই তাঁদের সঙ্গে দুর্ব্যবহার ও অশালীন আচরণ করেন। এসব বিষয়ে হল সুপার ও সহকারী সুপার এবং অন্য শিক্ষকদের কাছে অভিযোগ করলে অভিযোগের বিচার না করে তাঁরাও উল্টো অশোভন আচরণ করেন।
শুধু তাই নয়, গতকাল সকালে তাঁরা দাবিদাওয়া নিয়ে অধ্যক্ষের কার্যালয়ে গেলে সেখানে ছাত্রলীগ নামধারী কতিপয় যুবক, কলেজের অধ্যক্ষ ও শিক্ষকেরা তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং তিন দিনের মধ্যে হোস্টেল ছাড়ার নির্দেশ দেন।
হল তত্ত্বাবধায়ক বিকাশ রঞ্জন দেব ছাত্রীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ভিত্তিহীন উল্লেখ করে প্রথম আলোকে বলেন, ছাত্রীদের কিছু দাবি এরই মধ্যে মেনে নেওয়া হয়েছে। এ ছাড়া বাবুর্চি আবুল কালামকে এরই মধ্যে সেখান থেকে প্রত্যাহার করা হয়েছে।