স্থায়ী শিক্ষক নিয়োগ ও অধ্যক্ষের অপসারণসহ নয় দফা দাবিতে দ্বিতীয়বারের মতো গতকাল মঙ্গলবার সকালে ময়মনসিংহ-টাঙ্গাইল সড়ক ও ঢাকা-জামালপুর বাইপাস সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ময়মনসিংহ প্রকৌশল কলেজের শিক্ষার্থীরা। এর আগে ২৯ মে একই দাবিতে শিক্ষার্থীরা ওই দুটি সড়ক অবরোধ করেন।
শিক্ষার্থীদের অন্য দাবিগুলো হচ্ছে নতুন বিভাগ চালু করা, প্রকৌশল কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা, সরকারি অর্থ বরাদ্দ, নিজস্ব পরিবহন, সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, আবাসিক হলে ইন্টারনেট-সুবিধা দেওয়া ও ক্যাম্পাসে মসজিদ স্থাপন করা।
সকাল সাড়ে ১০টার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কলেজের সামনে ওই দুটি সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন। এ সময় সড়কের দুই দিকে শতাধিক গাড়ি আটকা পড়ে।
দুপুর ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের দাবিগুলো যথাযথ কর্তৃপক্ষের কাছে উত্থাপন করার আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো. ফজলুল করিম বলেন, দাবিগুলো যথাযথ কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস দিলে দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।