নয় দফা দাবিতে শ্রমিক কর্মচারী সমন্বয় পরিষদের স্মারকলিপি
নতুন মজুরি কাঠামো কার্যকরসহ নয় দফা বাস্তবায়নের দাবিতে গতকাল সোমবার চট্টগ্রামের জেলা প্রশাসক ফয়েজ আহম্মদের কাছে স্মারকলিপি দিয়েছে চারটি শ্রমিক-কর্মচারী সংগঠনের জোট ‘সেক্টর করপোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশন সমন্বয় পরিষদ’।প্রসঙ্গত, বাংলাদেশ রসায়নশিল্প, চিনি ও খাদ্যশিল্প, বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল, বনশিল্প উন্নয়ন সংস্থাসহ চারটি সংস্থার শ্রমিক-কর্মচারী ফেডারেশনের যৌথ জোট সমন্বয় পরিষদের ব্যানারে আন্দোলন চালিয়ে আসছেন শ্রমিক-কর্মচারীরা।স্মারকলিপি দেওয়ার সময় সমন্বয় পরিষদের যুগ্ম আহ্বায়ক এম কামাল উদ্দিন বলেন, নয় দফা দাবি বাস্তবায়নে সরকার কোনো পদক্ষেপ না নেওয়ায় পরিষদ আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত কর্মবিরতি, মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের মতো লাগাতার কর্মসূচি হাতে নিয়েছে। এর পরও দাবি মানা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। নয় দফা দাবির মধ্যে রয়েছে পাহাড়ি ভাতা তিন হাজার টাকা নির্ধারণ, ২০০৯ সালের জুলাই থেকে সপ্তম জাতীয় মজুরি স্কেল কার্যকর ইত্যাদি।