নয় দিন ধরে পানি নেই, রোগী ভর্তি বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠির রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পানির পাম্প পুড়ে যাওয়ায় নয় দিন ধরে পানি সরবরাহ বন্ধ রয়েছে। ফলে ভোগান্তি সহ্য করতে না পেরে হাসপাতাল ছেড়ে গেছেন রোগীরা। নতুন কোনো রোগী ভর্তিও হচ্ছেন না।
স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তারা জানান, ৭ ফেব্রুয়ারি রাতে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পানি সরবরাহের পাম্পটির (সাবমার্সিবল) কয়েল বৈদ্যুতিক গোলযোগের কারণে পুড়ে যায়। এর দুই দিন পর বরিশাল বিভাগীয় স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের লোকজন এসে পাম্পটি মেরামতের জন্য ঢাকায় পাঠিয়ে দেন। তবে সেটি আর মেরামত করা সম্ভব হয়নি। এরপর থেকেই স্বাস্থ্য কমপ্লেক্সটির পানি সরবরাহ বন্ধ আছে।
গতকাল সোমবার সরেজমিন দেখা যায়, পানি সরবরাহ বন্ধ থাকায় ভোগান্তি সহ্য করতে না পেরে ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সের প্রায় সব রোগী বাড়ি চলে গেছেন। শয্যাগুলো ফাঁকা পড়ে আছে। নারী, পুরুষ ও শিশু ওয়ার্ডে পাঁচ-ছয়জন রোগী ভর্তি আছেন। তাঁদের সঙ্গে থাকা স্বজনরা স্বাস্থ্য কমপ্লেক্সের নিচতলার পুকুর ও অন্যান্য জলাশয় থেকে বালতিতে করে পানি এনে শৌচকর্ম ও অন্যান্য পরিচ্ছন্নতার কাজ সারছেন।
রোগীর স্বজন আফছার আলী বলেন, ‘আমাদের রোগী অনেক বেশি অসুস্থ, নাহলে আমরাও হাসপাতাল ছেড়ে চলে যেতাম। পানির জন্য এত কষ্ট সহ্য করার মতো না। তা ছাড়া, নয় দিন ধরে পানি না থাকায় হাসপাতালে পরিচ্ছন্নতার কাজও বন্ধ। এতে চারপাশে যে দুর্গন্ধ, তাতে ভালো মানুষও রোগী হয়ে যাওয়ার উপক্রম।’
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) রাসেল মাহমুদ বলেন, ‘বেশ কয়েক দিন ধরে পানি সরবরাহ বন্ধ থাকায় পুরো হাসপাতালে হাহাকার শুরু হয়েছে। এমনকি অসুস্থ কোনো রোগীও আমরা ভর্তি করতে পারছি না। তাঁদের অন্যত্র পাঠানো হচ্ছে।’
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, ‘এখন পর্যন্ত পাম্পের ব্যাপারে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কোনো ফলাফল দিতে পারেনি। এখন পরিস্থিতি খুব খারাপ। রোগীদের পাশাপাশি আমরাও অতিষ্ঠ হয়ে গেছি।’
ঝালকাঠি জেলার সিভিল সার্জন আবদুর রহিম প্রথম আলোকে বলেন, ‘আমরা বিকল্প উপায়ে পানি সরবরাহের জন্য বরিশাল বিভাগীয় কর্তৃপক্ষকে অবহিত করেছি। হয়তো এতে আরও দু-এক দিন সময় লাগতে পারে।’