নয় দিন ধরে পুলিশি হেফাজতে রাশেদ ও নূর নবী
পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম (মিতু) হত্যার সন্দেহভাজন আসামি নুর ইসলাম ওরফে রাশেদকে নয় দিন আগে পুলিশ ধরে নিয়ে গেছে বলে তাঁর বাবা দাবি করেছেন। একই দিন রাশেদের সঙ্গে নূর নবীকেও পুলিশ আটক করে। গতকাল শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ দাবি করেন রাশেদের বাবা আহাম্মদ হোসেন।
রাশেদের বাবা বলেন, গত ২৩ জুন সকালে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার মিলিটারি পোল এলাকায় এক আত্মীয়ের বাড়ি থেকে ডিবি পুলিশ পরিচয় দেওয়া লোকজন রাশেদকে আটক করে। এর আগের দিন রাতে ওই বাড়িতে রাশেদের সঙ্গে দেখা করতে যায় নূর নবী (মাহমুদাকে পেছন থেকে ছুরি মারেন)। রাশেদের সঙ্গে তাঁকেও ডিবি পুলিশ ধরে নিয়ে যায় বলে দাবি করেছেন আহাম্মদ হোসেন। রাশেদ ছোটখাটো ব্যবসা করেন বলে তাঁর বাবা জানান। তাঁদের বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নে।
এর আগে গত ২২ জুন চট্টগ্রামের বন্দর এলাকায় এক আত্মীয়ের বাসা থেকে মাহমুদা হত্যা মামলার মূল সন্দেহভাজন আসামি কামরুল শিকদার ওরফে মুছাকে পুলিশ ধরে নিয়ে যায় বলে তাঁর স্ত্রী পান্না আক্তার দাবি করেন। সেদিন ডিবি পরিচয়ধারী লোকের সঙ্গে নূর নবীও ছিলেন বলে তিনি দাবি করেন। সর্বশেষ গত শুক্রবার গ্রেপ্তার হওয়া আসামি সাইদুল আলম (মুছার বড় ভাই) ও মো. শাহজাহান আদালত প্রাঙ্গণে পুলিশের উপস্থিতিতে প্রথম আলোকে বলেন, তাঁদেরও কয়েক দিন আগে আটক করেছিল পুলিশ। এর মধ্যে সাইদুলকে গত ২২ জুন এবং শাহজাহানকে ২৪ জুন আটক করা হয় বলে তাঁরা দাবি করেন। শাহজাহান দাবি করেন, আটকের পর তাঁকে দামপাড়া পুলিশ লাইনে রাখা হয়। সেখানে একদিন নূর নবীকে দেখেছেন তিনি। অবশ্য পুলিশ এসব দাবি অস্বীকার করেছে।
গতকালের সংবাদ সম্মেলনে রাশেদের বাবা আহাম্মদ হোসেন দাবি করেন, ছেলের সন্ধানে তিনি ডিবি পুলিশ ও রাঙ্গুনিয়া থানা-পুলিশের সঙ্গে যোগোযোগ করেন। কিন্তু পুলিশ রাশেদকে আটকের কথা অস্বীকার করে। তিনি বলেন, গ্রেপ্তারের পর কেন অস্বীকার করা হচ্ছে? তাঁর ছেলেকে আদালতে হাজির করার আবেদন করেন তিনি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রাশেদের বোন রহিমা আক্তার ও শামসুন নাহার এবং ভাগনে মো. মাসুদ।
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা ও চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মো. কামরুজ্জামান গতকাল দুপুরে প্রথম আলোকে বলেন, নূর নবী বা রাশেদ কেউ পুলিশ হেফাজতে নেই। এই দুজনসহ পলাতক সব আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।
এদিকে স্বামী মুছার খোঁজ না পাওয়ায় রাঙ্গুনিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গিয়েছিলেন পান্না আক্তার। কিন্তু পুলিশ জিডি নেয়নি। তিনি বলেন, ‘১১ দিন ধরে স্বামীর খোঁজ পাচ্ছি না। পুলিশ বলছে তাদের হেফাজতে নেই। স্বামীর পাসপোর্টও আমার কাছে। তাহলে গেল কোথায়? আমার দুই সন্তানের কী হবে। নিখোঁজ স্বামীকে খুঁজে বের করে দেওয়া প্রশাসনের দায়িত্ব। দুই দফায় বৃহস্পতিবার সন্ধ্যা ও শুক্রবার দুপুরে জিডি করতে থানায় গেলেও পুলিশ নেয়নি।’
জানতে চাইলে রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির গতকাল দুপুরে প্রথম আলোকে বলেন, মুছার গ্রামের বাড়ি রাঙ্গুনিয়ায় হলেও তিনি শহরে থাকেন। ঘটনাস্থল রাঙ্গুনিয়ায় না হওয়ায় জিডি নেওয়া হয়নি।
পান্না আক্তারের দাবি, নগরের বন্দর এলাকা থেকে তাঁর স্বামী মুছাকে ধরে নিয়ে যায় পুলিশ। বন্দর থানায় জিডি করতে গিয়েছিলেন কি না প্রশ্নের জবাবে মুছার স্ত্রী বলেন, ‘কীভাবে যাব। স্বামীকে ওরা ধরেছে। আমাকে ধরে ফেললে দুই ছেলের কী হবে’।
গত ৫ জুন সকালে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় চট্টগ্রামের জিইসি এলাকায় গুলি ও ছুরিকাঘাতে খুন হন মাহমুদা। হত্যাকাণ্ডের পর তাঁর স্বামী বাবুল আক্তার বাদী হয়ে অজ্ঞাতপরিচয় তিন ব্যক্তিকে আসামি করে মামলা করেন। পুলিশ বলছে, গ্রেপ্তার আনোয়ার ও ওয়াসিম জবানবন্দিতে বলেছেন, মাহমুদা হত্যার পুরো বিষয়টির সমন্বয় করেন মুছা। হত্যাকাণ্ডে অংশ নেন মুছা, নবী, ওয়াসিম, কালু, রাশেদ, শাহজাহান, আনোয়ারসহ সাত-আটজন।