লক্ষ্মীপুরের রায়পুর পল্লী বিদ্যুৎ কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার নয় দিন পর গতকাল রোববার ঘটনাস্থল পরিদর্শন করেছে সরকারি তদন্ত কমিটি। পাঁচ সদস্যের এ কমিটির সদস্যরা কার্যালয়টির কর্মকর্তা-কর্মচারী ও বিদ্যুৎ গ্রাহকদের সঙ্গে কথা বলেন।
গত ৯ অক্টোবর রাতে বিদ্যুতের দাবিতে বিক্ষুব্ধ লোকজন ওই বিদ্যুৎ কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালান। পুড়িয়ে দেন কার্যালয়ের একটি পিকআপ ভ্যানসহ সাতটি গাড়ি। এ ঘটনায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রশাসন) মাহবুব-উল-আলমকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি করা হয়। এর সদস্য সচিব করা হয় পাওয়ার সেলের পরিচালক (কমার্শিয়াল) মো. আমজাদ হোসেনকে। এ ছাড়া পল্লী বিদ্যুতায়ন বোর্ড তাৎক্ষণিকভাবে তিন সদস্যের একটি বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে।
তদন্ত কমিটির প্রধান মাহবুব-উল-আলম এবং সদস্যসচিব মো. আমজাদ হোসেনসহ অন্য সদস্যরা গতকাল সকাল সাড়ে নয়টার দিকে পল্লী বিদ্যুৎ কার্যালয়ে পৌঁছান। তাঁরা পুড়ে যাওয়া পিকআপ ভ্যান, ছয়টি মোটরসাইকেলসহ ভাঙচুর হওয়া কার্যালয়ের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আলমসহ প্রশাসনের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বেলা ১১টার দিকে ইউএনও কার্যালয়ে প্রায় দুই ঘণ্টা বিদ্যুৎ গ্রাহকদের সঙ্গে কথা বলেন তাঁরা।
তদন্তে কিছু জানা গেল কি না, সে ব্যাপারে প্রশ্ন করলে মাহবুব-উল-আলম বলেন, ‘বিষয়টি নিয়ে তদন্ত চলছে। এখনই কিছু বলা যাবে না।’
কয়েকজন গ্রাহক প্রথম আলোকে বলেন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পেলে মানুষ আন্দোলনে নামত না। আন্দোলনের পর বিদ্যুৎ সরবরাহের উন্নতি হয়েছে। দৈনিক আট ঘণ্টা বিদ্যুৎ না থাকার বিষয়টি তদন্তকারীদের বলা হয়েছে বলে জানান তাঁরা।