নয় দিন মৃত্যুর প্রহর গুনে হেরে গেলেন জার্জিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারকেলগাছ থেকে পড়ে গিয়ে গুরুতর আহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জার্জিস হোসেন মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার ভোর ছয়টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে (নিবিড় পরিচর্যাকেন্দ্র) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
জার্জিস সমাজকর্ম বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন। তিনি রাজশাহীর দুর্গাপুর উপজেলার যুগস্বী গ্রামের আবদুস সামাদের ছেলে।
জার্জিসের সহপাঠীরা জানান, গত ২৬ এপ্রিল সন্ধ্যায় বন্ধুরা মিলে শহীদ হবিবুর রহমান হলের সামনের নারকেলগাছ থেকে ডাব পাড়ার সিদ্ধান্ত নেন। জার্জিস গাছে ওঠেন। এ সময় অসতর্কতাবশত গাছ থেকে পড়ে যান তিনি। তাঁর দুই পা ভেঙে যায় এবং মাথায় গুরুতর আঘাত পান। সঙ্গে সঙ্গে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এরপর থেকে জার্জিস সেখানেই চিকিৎসাধীন ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের সভাপতি ছাদেকুল আরেফিন বলেন, ‘জার্জিস বৃহস্পতিবার ভোর ছয়টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। সে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিল। জার্জিসের মরদেহ হাসপাতাল থেকে ক্যাম্পাসে নিয়ে আসা হয়। বৃহস্পতিবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তার লাশ গ্রামের বাড়িতে পাঠানো হয়।’